ঢাকা, ১১ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩
good-food

টানা ৩ দফা কমলো সোনার দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ১১ সেপ্টেম্বর ২০২৬  

আবারও দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার নতুন মূল্য ঠিক করা হয়। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। 

বাজুস জানিয়েছে, তেজাবী সোনা বা পিওর গোল্ডের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সোনার দাম কমানো হয় ১ হাজার ১০৮ টাকা। এর আগে গত ৬ সেপ্টেম্বর মূল্যবান ধাতুটির দর ২ হাজার ২১৬ টাকা হ্রাস পায়।

ওই দিন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়। 

এদিন সোনার পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এনেছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দর ৩ হাজার ৯১ টাকা ঠিক করা হয়েছে।

বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে তা নেওয়া যাবে না।

এছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে বা পারচেজে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।