ঢাকা, ১১ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩
good-food

ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৩ ১১ সেপ্টেম্বর ২০২৬  

কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে ফের বেড়েছে সবজির দাম। সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে গোল বেগুন। যার প্রতি কেজি ১৪০ টাকা। শুধু পেঁপের মূল্য ক্রেতাসাধারণের নাগালে রয়েছে। প্রতি কেজি যা বিকোচ্ছে ৩০ টাকায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

এদিন প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা; ঝিঙা, ধন্দুল, চিচিঙ্গা ৮০ টাকা; পেঁপে ৩০ টাকা; গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

কেজিপ্রতি করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রিফাত হোসেন। তিনি বলেন, “সবকিছুর দাম বাড়তি। সব সবজির দর বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল।”

রামপুরা বাজারে সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, “কয়েকদিন বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। এদিন পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লাপ্রতি সবকিছুর মূল্য বেড়েছে। সবচেয়ে বেশি দাম হচ্ছে বেগুনের। যার প্রতি কেজি ১৪০ টাকা। আর সবচেয়ে কম দর পেঁপের, যার কেজি ৩০ টাকা। বৃষ্টি থামলে আবার সবজির দাম কমবে।”