ঢাকা, ০২ আগস্ট রোববার, ২০২৬ || ১৮ শ্রাবণ ১৪৩৩
good-food

এলপিজির দাম বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ২ আগস্ট ২০২৬  

চলতি আগস্টের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (২ আগস্ট) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

সদ্য বিদায়ী জুলাইয়ে একই সিলিন্ডারের দর ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে চলমান মাসে দাম বেড়েছে ৭০ টাকা। 

তবে জুলাইতে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

এদিন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি এলপিজি ভোক্তাপর্যায়ে দর প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে এর মূল্য ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি।