ঢাকা, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ৪ কার্তিক ১৪৩৩
good-food
৩

জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৫ ২০ অক্টোবর ২০২৬  

রাষ্ট্রায়ত্ত জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার।

২০২৪ সালের শেষ দিকে দায়িত্ব পাওয়া এ তিনজনের চুক্তি বাতিলের সুপারিশ করে আলাদা চিঠি জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তিন ব্যবস্থাপনা পরিচালক হলেন, জনতা ব্যাংকের মজিবুর রহমান, সোনালী ব্যাংকের শওকত আলী খান ও রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এর আগে বেসিক ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিল করে সরকার। তখন থেকে ব্যাংক দুটি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে চলছে।

এ নিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হলো।

সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘‘পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী মো. মজিবর রহমানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।’’

এ বিষয়ে ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘‘আমি চিঠি পেয়েছি। এমডি হিসেবে মজিবর রহমানের নিয়োগ বাতিল করেছে।’’

চব্বিশের আন্দোলনে সরকারের পট বদলের পর ২০২৪ সালের নভেম্বর জনতা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা মজিবর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরেক আদেশে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের চুক্তিভিত্তিক অবশিষ্ট মেয়াদ বাতিল করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

২০২৪ সালের ৩০ অক্টোবর তাকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় ৩ বছরের জন্য। সোনালী ব্যাংকে নিয়ে আসার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আরেক প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, ‘‘রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ/সম্মতি জ্ঞাপন করা হলো।’’

এ সংক্রান্ত চিঠি রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদার কাছে পাঠায় অর্থ মন্ত্রণালয়।

ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয় ২০২৪ সালের ডিসেম্বরে।