ঢাকা, ৩০ জুলাই বৃহস্পতিবার, ২০২৬ || ১৫ শ্রাবণ ১৪৩৩
good-food

বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫০ ৩০ জুলাই ২০২৬  

বাংলাদেশ থেকে তাজা কাঁঠাল আমদানি করবে চীন। সম্প্রতি দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি) এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। 

বুধবার (২৯ জুলাই) চীনা দূতাবাস জানায়, গত ২৭ জুলাই চীনের শুল্ক বিভাগ জিএসিসি কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে। রোগবালাই ও ক্ষতিকর পোকামাড় থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্ভিদ স্বাস্থ্যবিধি (ফাইটোস্যানিটারি) রক্ষা এবং আমদানি-সংক্রান্ত শর্ত পূরণের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানি করা হবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে কাঁঠাল রপ্তানি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরই ধারাবাহিকতায় কাঁঠাল আমদানির অনুমোদন দিল চীন।

অনুমোদন প্রটোকল অনুযায়ী, কাঁঠাল রপ্তানিকারক বাগান এবং এগুলো প্যাকেটজাত করার কারখানাগুলোয় অবশ্যই বাংলাদেশ কর্তৃপক্ষের পরিদর্শন করতে হবে। এছাড়াও এসব বাগান ও কারখানা চীনা কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত ও অনুমোদিত হতে হবে। চীনে রপ্তানি হতে যাওয়া কাঁঠালের উৎস সহজে শনাক্ত করতে প্রতিটি রপ্তানি চালানে নিবন্ধিত বাগান ও প্যাকিং কেন্দ্রের নাম, ঠিকানা এবং নিবন্ধন নম্বর উল্লেখ থাকতে হবে। 

এছাড়া প্রতিটি রপ্তানি মৌসুম শুরুর আগে বাংলাদেশকে নিবন্ধিত রপ্তানিকারক, বাগান ও প্যাকিং কেন্দ্রের হালনাগাদ তালিকা চীনা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রয়োজনীয় পর্যালোচনা ও অনুমোদনের পর তালিকাটি জিএসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হবে।

কাঁঠাল আমদানির দিক থেকে চীন বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশটিতে আমদানিকৃত কাঁঠালের বেশিরভাগই ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে নিয়ে আসে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ কাঁঠাল উৎপাদনকারী দেশ হলেও বৈশ্বিক রপ্তানি বাজারে দেশটির পদচারণা এখনো অনেক সীমিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীনে জাতীয় ফল কাঁঠাল রপ্তানির মাধ্যমে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তিনি চীনের বাজারে মালয়েশিয়ার কাঁঠাল সাদৃশ ফল দুরিয়ানের সাফল্যের কথা উল্লেখ করেন। বাংলাদেশের কাঁঠালের প্রতি চীনা ভোক্তাদের ব্যাপক আগ্রহ রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার সাম্প্রতিক সফরে স্বাক্ষরিত চুক্তি চীনে রপ্তানি সম্প্রসারণের পথ সুগম করবে। 

উল্লেখ্য, দুরিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ফল, যা "ফলের রাজা" হিসেবে পরিচিত। মালয়েশিয়ার দুরিয়ানের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। দেশটিতে দুরিয়ান রপ্তানি করে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে মালয়েশিয়া।