ঢাকা, ২০ জুলাই সোমবার, ২০২৬ || ৪ শ্রাবণ ১৪৩৩
good-food
১৪৪

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৫ ৪ মে ২০২৬  

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো মুক্ত করতে উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র—এমন খবর প্রকাশের পর সোমবার (৪ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি না হওয়ায় জ্বালানি পণ্যটির দর এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬৪ সেন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের মূল্য ২ ডলার ২৩ সেন্ট কমেছিল। 

এদিন মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৪ সেন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০১ ডলার ১০ সেন্টে। আগের কার্যদিবসে যা ৩ ডলার ১৩ সেন্ট কমেছিল।

আরো পড়ুন: হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ উদ্ধারে ট্রাম্পের নতুন পরিকল্পনা

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ইরান, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থে দেশগুলোকে জানানো হয়েছে তারা যেন নিরাপদে এই সীমাবদ্ধ জলপথ থেকে তাদের জাহাজগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম চালাতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

তবে এখনও শান্তি চুক্তি না হওয়ায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় তেলের দাম তুলনামূলক বেশি রয়েছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চললেও কোনো অগ্রগতি হয়নি।

বিশ্লেষকদের মতে, উভয়পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে না আসায় আলোচনা স্থবির হয়ে আছে।

ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ইরান প্রস্তাব দিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক ইস্যু স্থগিত রেখে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানো হোক।