ঢাকা, ১৭ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২
good-food

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ১৭ মার্চ ২০২৬  

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারী দুই দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল।

তবে তা নাকচ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগে ‘হাঁটু গেড়ে বসতে (নতি স্বীকার করতে) বাধ্য করতে হবে।’

মঙ্গলবার দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, “নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন মোজতবা খামেনি।” 

তবে ওই বৈঠকে তিনি সশরীর ছিলেন কি না, তা নিশ্চিত করেননি ইরানি কর্মকর্তা।

মোজতবা খামেনি জানান, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি শান্তির উপযুক্ত সময় নয়।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল। 

তবে প্রস্তাবগুলোর বিস্তারিত বা মধ্যস্থতাকারী দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবু এই যুদ্ধ শেষের কোনো লক্ষণ নেই।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর