ঢাকা, ১৫ জুন সোমবার, ২০২৬ || ১ আষাঢ় ১৪৩৩
good-food

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৮ ১৫ জুন ২০২৬  

সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেন।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে সমঝোতার কথা জানান। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, সম্ভাব্য খসড়া চুক্তিতে মোট ১৪টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে—লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি এবং ৩০ দিনের মধ্যে ইরানের বন্দর ঘিরে থাকা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার।

এছাড়া বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী ইরানের আশপাশ থেকে প্রত্যাহার করবে এবং ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনের জন্য প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি সহায়তা পরিকল্পনা দেবে এবং ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

অন্যদিকে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে বলে উল্লেখ রয়েছে। একই সঙ্গে ইরানের জব্দ করা তহবিলের অন্তত অর্ধেক মুক্তি, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং নৌ অবরোধ প্রত্যাহারের আগে চূড়ান্ত আলোচনার শর্তও এতে অন্তর্ভুক্ত বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এবং এর আগে কয়েক দফা প্রাক-বাস্তবায়ন বৈঠক অনুষ্ঠিত হবে।