ঢাকা, ১৬ মার্চ সোমবার, ২০২৬ || ২ চৈত্র ১৪৩২
good-food

যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ১৬ মার্চ ২০২৬  

সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে দি ইকোনমিক টাইমস ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিক রয়েছেন।

রবিবার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, "জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে তারা এ ধরনের ভুয়া তথ্য ও কৃত্রিম কনটেন্ট ছড়াচ্ছিল।"

আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস জানান, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও আপলোড করত। 

তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড শুধু দেশের স্থিতিশীলতার জন্যই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।”
আমিরাতের আইন অনুযায়ী, দেশটিতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর