ঢাকা, ১২ আগস্ট বুধবার, ২০২৬ || ২৮ শ্রাবণ ১৪৩৩
good-food

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ১২ আগস্ট ২০২৬  

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (আইওইউ)-এর আওতায় নির্ধারিত ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার আগেই তা সম্প্রসারণে নীতিগতভাবে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান।

বুধবার পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তবে যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ‘‘উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সম্মতি প্রকাশ করেছে। তবে মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হবে তা নির্ধারণ করতে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত বার্তা আদান-প্রদান চলছে।’’

চলতি বছরের ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। পরবর্তীতে ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় এই ঐতিহাসিক স্মারকে স্বাক্ষর করে দুই দেশ।

এই অস্থায়ী চুক্তির মূল লক্ষ্য ছিল একটি স্থায়ী আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানো। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা এবং দুই দেশের নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্যের কারণে আলোচনা পরবর্তীতে স্থবির হয়ে পড়ে।

চুক্তি কার্যকরের মধ্যেই গত ৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে উভয় পক্ষ নতুন করে সামরিক হামলায় জড়ালে পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন। সে সময় ওয়াশিংটন ইরানের ভেতরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এর জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করে।

উভয় পক্ষের এই সামরিক সংঘাত সত্ত্বেও, ১৭ আগস্টের সময়সীমা ঘনিয়ে আসার আগেই কূটনীতিকরা নতুন করে যুদ্ধবিরতির চুক্তিটি টিকিয়ে রাখতে সমঝোতার মাধ্যমে কূটনৈতিক পথ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে নতুন করে সংঘাত এড়াতে উভয় পক্ষই যুদ্ধবিরতি বাড়াতে নীতিগতভাবে সম্মত হলেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জটিল সমীকরণ কীভাবে সমাধান হবে, সেটাই এখন দেখার বিষয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর