ঢাকা, ২৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
১০৯

ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৬ ১১ আগস্ট ২০২৬  

শখের বশে কিংবা পেশা হিসেবে যারা ইউটিউব থেকে আয়ের স্বপ্ন দেখছেন, তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের (মানিটাইজেশন) শর্তগুলো আরও কঠিন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয়ের ক্ষেত্রে এখন থেকে বর্তমানের তুলনায় দ্বিগুণ ‘ওয়াচ টাইম’ বা দর্শকদের ভিডিও দেখার সময় প্রয়োজন হবে।

ইউটিউবের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, নতুন এই পরিকল্পনার আওতায় কোনো চ্যানেল থেকে আয় শুরু করতে হলে গত এক বছরে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচ টাইম থাকতে হবে। বর্তমানে এই শর্তটি ৪ হাজার ঘণ্টার। অর্থাৎ, আয়ের যোগ্যতা অর্জনে নতুন নির্মাতাদের আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে।

শর্টস ভিডিওর শর্তেও বড় পরিবর্তন

শুধু দীর্ঘ ভিডিও নয়, ইউটিউব শর্টস থেকেও আয়ের শর্ত কঠিন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি (২০ মিলিয়ন) মানসম্পন্ন ভিউ থাকতে হবে। বর্তমানে ১ কোটি ভিউ থাকলেই শর্টস থেকে আয় করার আবেদন করা যায়। তবে উভয় ক্ষেত্রেই চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার বা গ্রাহক থাকার শর্তটি অপরিবর্তিত থাকছে।

শর্টস থেকে আয় বজায় রাখার নতুন নিয়ম

শর্টস নির্মাতাদের জন্য আয়ের ধারাবাহিকতা বজায় রাখতেও নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো নির্মাতাকে শর্টস থেকে নিয়মিত আয় করতে হলে প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি ভিউ অর্জন করতে হবে। যদি কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে যায়, তবে সেই চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থাকলেও শর্টস থেকে আর আয় করতে পারবে না। তবে এক্ষেত্রে বড় বা দীর্ঘ ভিডিও থেকে আয়ের সুযোগ চালু থাকবে। পরবর্তীতে পুনরায় ৯০ দিনে ১ কোটি ভিউ পূর্ণ হলে ওই চ্যানেলটি আবারও শর্টস থেকে আয় করার সুযোগ পাবে।

কেন এই পরিবর্তন?

ইউটিউব জানিয়েছে, বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা ও ভিডিও দেখার পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটিরও বেশি শর্টস ভিডিও দেখা হয়। এছাড়া বড় পর্দায় বা টেলিভিশনে প্রতিদিন ইউটিউব ভিডিও দেখার সময় ১০০ কোটি ঘণ্টা ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান এই ব্যবহারের সঙ্গে তাল মেলাতে এবং মানসম্পন্ন কনটেন্ট নিশ্চিত করতেই আয়ের শর্তে এই পরিবর্তন আনা হচ্ছে।

কার্যকরের সময়সীমা

ইউটিউবের এই নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে যারা ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত আছেন এবং নিয়মিত আয় করছেন, তাদের জন্য স্বস্তির খবর হলো পুরনো নির্মাতাদের ওপর এই নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না। তারা আগের নিয়মেই আয় চালিয়ে যেতে পারবেন। মূলত নতুন চ্যানেলগুলোকে আয়ের আওতায় আসতে এখন থেকে এই কঠিন শর্তগুলো পূরণ করতে হবে।

তথ্য-প্রযুক্তি বিভাগের পাঠকপ্রিয় খবর