ঢাকা, ২৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ৭ আশ্বিন ১৪৩৩
good-food

এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪২ ২২ সেপ্টেম্বর ২০২৬  

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে উশুতে। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে এই পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার।

প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্তিনা। 

তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ইন্দোনেশিয়ার প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে লড়াইয়ে নামার আগেই জয় পান জিন্নাত, নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট।

জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের অন্তত একটি পদকও নিশ্চিত হলো।

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করেছেন। জিন্নাত সেমিফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বলে জানান তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে। সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ের পুরুষ লাইট হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। 

এরপর আর কোনো ব্যক্তিগত ইভেন্টে এশিয়ান গেমসের পদক জিততে পারেনি বাংলাদেশ। জিন্নাতের সাফল্যে সেই অপেক্ষারও অবসান হতে যাচ্ছে।

বুধবার সেমিফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ চীনের প্রতিযোগী। সেই লড়াইয়ে জিততে পারলে সরাসরি স্বর্ণপদকের লড়াইয়ে উঠে যাবেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়। হারলেও ব্রোঞ্জ পদক নিয়েই ফিরবেন তিনি।

দিলদার হোসেন দিলু বলেন, “জিন্নাত সেমিফাইনালে জিতলে স্বর্ণপদকের লড়াইয়ে যাবে। সেমিফাইনালে হারলেও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকবে।”

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর