ঢাকা, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩
good-food

বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৬ ১৫ সেপ্টেম্বর ২০২৬  

আগামী কয়েক সপ্তাহে ভারত থেকে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এরইমধ্যে গত দুই মাসে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যে সাধারণত যে বাণিজ্যপ্রবাহ দেখা যায়, এবার তার উল্টো চিত্র দেখা গেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ। দুই দেশের মানুষের খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতেও ইলিশের বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু এ বছর বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার খবরের মধ্যে এই রপ্তানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে ইলিশ সংগ্রহ করছেন। 

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এসব ইলিশ মূলত ভারতের গুজরাট থেকে সংগ্রহ করে ভরুচ বন্দরের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজারের মাধ্যমেও কিছু ইলিশ বাংলাদেশে যাচ্ছে।

হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “বাংলাদেশ প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করছে। আমরা সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ বাংলাদেশে পাঠাই। এ বছর সেখানে ইলিশের সংকট দেখা দিয়েছে।”

তিনি বলেন, “গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন পাঠানোর কথা রয়েছে।”

ব্যবসায়ীরা জানান, গুজরাটের ইলিশে ডিমের পরিমাণ বেশি হওয়ায় ভারতের বাজারে এর চাহিদা তুলনামূলক কম। তবে এ কারণেই বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে এই ইলিশের চাহিদা বেশি।

এ প্রসঙ্গে মাকসুদ বলেন, “গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে, যা বাংলাদেশে ব্যাপকভাবে চাহিদাসম্পন্ন। ইলিশের ডিম আলাদাভাবেও বিক্রি করা হচ্ছে। এগুলো প্রক্রিয়াজাত করে বাংলাদেশ থেকে অন্য দেশেও রপ্তানি করা হচ্ছে।”

তিনি আরও জানান, বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারে রপ্তানি করছেন। আবার কিছু ইলিশ শুকিয়ে লবণ দিয়ে সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে প্রচুর ইলিশের চালান গেছে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পূজা উৎসবের মৌসুমে পদ্মার ইলিশ ভারতে রপ্তানি করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

 এই বাণিজ্যপ্রবাহ দুই দেশের মধ্যে ইলিশ বাণিজ্যে এক অস্বাভাবিক পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। বাংলাদেশে অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে এবার ভারত ইলিশ সরবরাহ করছে। অন্যদিকে, প্রতিবছর উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ রপ্তানি হয়, সেটি এবার হবে কি না, তা এখনো অনিশ্চিত।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর