ঢাকা, ০৭ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ২৩ ভাদ্র ১৪৩৩
good-food

গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৭ ৭ সেপ্টেম্বর ২০২৬  

গোলরক্ষকের কাজ প্রতিপক্ষের গোল ঠেকানো। কিন্তু সেই গোলপোস্টের নিচে দাঁড়িয়েই এবার দুই গোল করে দলকে হার থেকে বাঁচালেন রোনাল্ড কোমান জুনিয়র। 

নাম দেখে নিশ্চয় একটু পরিচিত লাগছে! নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও কোচ রোনাল্ড কোমানের ছেলে তিনি। 

বর্তমানে কোমান জুনিয়র খেলছেন ডাচ ক্লাব টেলস্টারে। ডাচ ইরেদিভিসিতে এই গোলরক্ষক দুই পেনাল্টি থেকে গোল করে কামবুরের বিপক্ষে দলকে এনে দিয়েছেন নাটকীয় এক পয়েন্ট।

দুই গোলে পিছিয়ে পড়েও তলানির দল কামবুরের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে টেলস্টার। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের ১১তম মিনিটে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে টেলস্টারকে সমতায় ফেরান ৩১ বছর বয়সী কোমান।

এর আগে নিজেদের মাঠে ম্যাচের ২২ মিনিটেই একজন খেলোয়াড়কে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়েছিল টেলস্টার। এরপর দ্বিতীয়ার্ধে দুই গোল করে এগিয়ে যায় কামবুর। ম্যাচে তখন আর আধা ঘণ্টারও কম সময় বাকি।

৬৩ মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করে টেলস্টারকে ম্যাচে ফেরান কোমান এরপর যোগ করা সময়ের ১০১তম মিনিটে আসে তার অবিশ্বাস্য দ্বিতীয় গোল। আবারও পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে দলকে ২-২ সমতায় ফেরান তিনি।

এই কীর্তিতে ডাচ ফুটবলের শীর্ষ লিগের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন কোমান। ইরেদিভিসিতে কোনো ম্যাচে দুই গোল করা প্রথম গোলরক্ষক এখন তিনিই।

এর আগে গত মে মাসেও পেনাল্টি থেকে গোল করেছিলেন কোমান। এফসি ভোলেনডামের বিপক্ষে তার করা পেনাল্টি থেকেই জয় পেয়েছিল টেলস্টার। সেই জয়ে অবনমন এড়ানো নিশ্চিত করেছিল ক্লাবটি।

কোমান জুনিয়রের বাবা রোনাল্ড কোমানও নেদারল্যান্ডসের ফুটবলে পরিচিত নাম। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। পরে নেদারল্যান্ডসের কোচের দায়িত্বও পালন করেন। 

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ডাচরা মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার পর গত জুনে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান রোনাল্ড কোমান। তার ছেলে কোমান জুনিয়র ২০২১ সাল থেকে খেলছেন টেলস্টারের হয়ে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর