ঢাকা, ১৯ অক্টোবর সোমবার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৪

কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০৬ ১৯ অক্টোবর ২০২৬  

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় প্রায় ১৮০০ বাংলাদেশি আটকে রয়েছেন বলে দাবি করেছে মানবপাচার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’। বিশেষ বিমানে করে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করেছে সংগঠনটি।

রবিবার প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এই দাবি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৈধভাবে বাংলাদেশ থেকে কম্বোডিয়া যাওয়ার পর বাংলাদেশিদের অনেকেই সেখানে প্রতারণার শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায় এবং বেআইনি কাজ করতে বাধ্য করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ ধরনের প্রায় ১৭৯৭ জন বাংলাদেশির একটি তালিকা কম্বোডিয়ার সরকারের কাছে রয়েছে, যাদের ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তাদের ভিসার মেয়াদোত্তীর্ণের জরিমানা মওকুফ করে দেশে ফিরে যাওযার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

কিন্তু অর্থ সংকটসহ নানা জটিলতায় ওই দেড় হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না। এ অবস্থায় তাদেরকে ৩১ অক্টোবরের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।

একইসঙ্গে, সরকারি ছাড়পত্র থাকা সত্ত্বেও বিভিন্ন এজেন্সির মাধ্যমে কীভাবে বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংগঠনটি।

চিঠিতে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি আল আমিন নয়ন বলেন, “নাগরিকদের বিদেশে পাঠানোই শেষ কথা নয়, তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব। কোনো নাগরিক আন্তর্জাতিক পাচারের শিকার হলে তাকে নিরাপদে ফিরিয়ে আনা, পুনর্বাসন করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।”