ঢাকা, ১৩ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ২৮ আশ্বিন ১৪৩৩
good-food
৪

দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১৩ অক্টোবর ২০২৬  

বাতাসে ধোঁয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় দূষণজনিত মাথাব্যথার সমস্যা যেমন বাড়ছে, তেমনি অনেকে একে মাইগ্রেনের সমস্যা ভেবে ভুল করছেন। 

তবে চিকিৎসকেরা বলছেন, দূষণজনিত মাথাব্যথা ও মাইগ্রেনের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। দূষণ হয়তো প্রত্যক্ষভাবে মাইগ্রেনের মূল কারণ নয়, কিন্তু দূষিত বাতাস ও ধোঁয়া মাইগ্রেন আক্রান্ত ব্যক্তির কষ্ট বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই আপনার মাথাব্যথাটি দূষণজনিত নাকি মাইগ্রেনের, তা চেনার উপায় ও প্রয়োজনীয় সতর্কতা নিচে তুলে ধরা হলো।

দূষণজনিত মাথাব্যথা বা মাইগ্রেন

দূষণজনিত মাথাব্যথা: পরিবেশগত দূষণের কারণে অনেকের মাথায় তীব্র ব্যথা হতে পারে। এ ধরনের ব্যথার সঙ্গে সাধারণত চোখ জ্বালা করা, গলা খুসখুস করা, কাশি কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো বিভিন্ন লক্ষণ দেখা দেয়।

মাইগ্রেনের ব্যথা: অন্যদিকে মাইগ্রেন হলো একটি জটিল স্নায়বিক সমস্যা। মাইগ্রেনের প্রধান লক্ষণ হলো মাথার যেকোনো একপাশে তীব্র যন্ত্রণা হওয়া। এর সঙ্গে বমি ভাব, বমি হওয়া এবং আলো কিংবা শব্দে প্রচণ্ড অস্বস্তি বোধ হতে পারে। 

কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্যথার সময় চোখ ঝাপসা হয়ে আসে অথবা বিদ্যুতের আলোর মতো ঝলকানির অনুভূতি হয়।

একিউআই বাড়লে যেসব সতর্কতা জরুরি

ঘরের বাইরে বের হওয়ার আগে বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) পরীক্ষা করে নিন। দূষণের মাত্রা বেশি থাকলে সকালে হাঁটা বা দৌড়ানোর মতো ব্যায়াম করা থেকে বিরত থাকুন।

বাইরে বের হলে অবশ্যই মানসম্মত মাস্ক (এন৯৫) ব্যবহার করুন। ঘরের ভেতরের বাতাস ধুলাবালি ও দূষণমুক্ত রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।

পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, নিয়ম মেনে সঠিক সময়ে খাবার খান এবং প্রতিদিনের উপসর্গগুলো ডায়েরিতে লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন। এতে কোন পরিস্থিতিতে মাথাব্যথা বাড়ছে, তা দ্রুত শনাক্ত করা সহজ হবে।

মাথাব্যথার সমস্যা বারবার দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর