ঢাকা, ০৯ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ২৪ আশ্বিন ১৪৩৩
good-food
৪

বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ৯ অক্টোবর ২০২৬  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিম্বাকৃতির প্যাকেটে ভরে সোনার পেস্ট পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবক আরমান উদ্দীন সিদ্দিককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান আরমান উদ্দীন সিদ্দিক। পরে ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দারা তার কাছ থেকে ৩টি ডিম্বাকৃতি প্যাকেটে ভরা সোনার পেস্ট জব্দ করেন। ওই যুবক তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে ডিম্বাকৃতি প্যাকেটগুলো বহন করছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, জব্দ করা সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর তা থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় গতকালই আরমানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন কাস্টমস হাউসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এইচ এম মামুন কায়সার।

শুক্রবার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার এসআই আনিছুর রহমান। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সন্তোষজনক কোনো তথ্য দেননি। তিনি ও তার পলাতক সহযোগীরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। বিদেশ থেকে অবৈধভাবে স্বর্ণ এনে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। চোরাচালানের মূল হোতাদের শনাক্ত করতে, অর্থের যোগানদাতা ও সোনা কার কাছে হস্তান্তর করা হতো তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি।

এ সময় আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার আরমান উদ্দীন সিদ্দিকের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর