ঢাকা, ২৭ সেপ্টেম্বর রোববার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
৩

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৫ ২৭ সেপ্টেম্বর ২০২৬  

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরও ছয় আসামিকে পাঠানো হয়েছে কারাগারে। এ ঘটনায় আগের চার আসামিসহ এখন পর্যন্ত কারাগারে পাঠানো হলো ১০ জনকে ।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছয় আসামি হলেন- শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, শাহ আলম, আতিকুর রহমান, কামরুল ইসলাম এবং শাকিল। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহআলী থানার উপপরিদর্শক মো. আতোয়ার রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরপক্ষে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ এমরান। একই সঙ্গে সোমবার আবেদন করেন জামিন শুনানিরও।

পরে জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। এর আগে এই মামলায় শনিবার আসামি মো. সোহেল, মো. জুয়েল, মো. জিহাদ হাসান ও মো. রাব্বিকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে শাহআলী থানা এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করেন। তারা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্বরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আবদুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখেন। এরপর হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করেন।

হামলাকারী ব্যক্তিরা প্রথমে প্রতিষ্ঠানের পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলেন। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এরপর পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাব ভাঙচুর করা হয়, যাতে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।

তাণ্ডব চালিয়ে ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর এবং সেখানকার আসবাব ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়; এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালিয়ে ক্ষতি করা হয় আরও প্রায় ২০ লাখ টাকার। সবশেষে আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়।

ভাঙচুরের পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি এবং বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারী ব্যক্তিরা। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেন। এতে মো. হানিফ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করা হয়।

গতকাল শনিবার এ ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

ওই চার আসামি হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

রাড্ডায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর