ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food
১

হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ১২ নভেম্বর ২০২৬  

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই পরিস্থিতিতে দাঁড়িয়েছে।

একই সময়ে রোগটির বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৫৪১ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে সিলেট বিভাগেই সর্বোচ্চ ২ জন মারা গেছেন।

একই সময়ে হাসপাতালে আসা নতুন ১ হাজার ৫৪১ জন রোগীর মধ্যে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৩৮ জন, চট্টগ্রামে ২৬৯ জন, সিলেটে ২২৯ জন, ময়মনসিংহে ১১৪ জন, বরিশালে ১০৬ জন, খুলনায় ৮৪ জন, রংপুরে ৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।

মোট মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ উভয় মিলিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ২৯৯ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর