ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food
১৯

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৫ ১০ নভেম্বর ২০২৬  

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়েছে। সৌদি আরবের জেদ্দায় এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে এ সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কায়কোবাদ ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চুক্তি শেষে ধর্মমন্ত্রী কায়কোবাদ জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও পাঁচ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও দ্বিপক্ষীয় আলোচনায় উঠে আসে।

সৌদি মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী।

হজযাত্রীদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ চুক্তির আগে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল।

এদিকে গত ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন চলে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হয়েছে।

প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।