ঢাকা, ০৬ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২১ কার্তিক ১৪৩৩
good-food
৭

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩৪ ৬ নভেম্বর ২০২৬  

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

নিহত সেনা সদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর দলটি বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র মানবপাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গুলিবিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যৌথ বাহিনীর এ অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এ ছাড়া জিম্মি থাকা অবস্থায় ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, ‘‘যৌথভাবে পাহাড়ে অভিযান চালানো হচ্ছিল। এসময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’’

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর