ঢাকা, ৩১ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৫ কার্তিক ১৪৩৩
good-food
৪

পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪১ ৩০ অক্টোবর ২০২৬  

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন বলে এখন ধারণা করছেন তদন্তকারীরা।

তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে শুক্রবার দুপুরে টঙ্গীর ওই এলাকা পরিদর্শনে যান পিবিআই কর্মকর্তারা।

এ সংস্থার এক পুলিশ সুপার বলেন, “ওরা সেখানে মাদক সেবন বা এরকম কিছু করছিলেন। এ সময় পুলিশের একটি দল তাদের ধাওয়া দিলে দীপ তুরাগ তীরে স্থাপিত বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে লুকান।

“আর তাহসিফ নদে গিয়ে ঝাঁপ দেন। এরপর সুযোগ বুঝে দীপ সেখান থেকে চলে আসেন। রাত আড়াইটার দিকে নিজের বাড়িতে ফেরেন দীপ।”

ওই এলাকাটা ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত।

গভীর রাতে দুইজন কেন সেখানে অবস্থান করছিলেন, জানতে চাইলে পিবিআইয়ের ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আমরা বিষয়টি জেনেছি, এটা একটু সেনসিটিভ। আরেকটু ক্রসচেক করে নেই।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরাও শুনেছি, পুলিশের ধাওয়া খেয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ পানিতে ঝাঁপ দিয়েছিলেন।”

তিনি বলেন, “পুলিশের কোন টিম তাদের ধাওয়া দিয়েছিল, কেন ধাওয়া দিয়েছিল—আমরা সেগুলো খতিয়ে দেখছি।”

এর আগে সকালে টঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই। যেখানে মোটরসাইকেলটি রাখা ছিল, তার খুব কাছেই তুরাগ নদ।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় জানান, নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে।

অবশ্য পিবিআই প্রধান মোস্তফা কামাল শুক্রবার বলেন, “আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।”

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরীর ভাসমান লাশ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ স্থানটি উত্তরখান থানায় পড়লেও উদ্ধার হওয়া বাইকের ঘটনাস্থল টঙ্গী পশ্চিম থানার অধীন। তবে দুই স্থানেই তুরাগ নদের সংযোগ রয়েছে।

পুলিশ বলছে, জোয়ারের সময় নদীতে বেশ স্রোত হয়। তাতে তাহসিফের দেহটি উত্তরখানের দিকে ভেসে যাওয়া সম্ভব।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় ছোটভাইয়ের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানোর তথ্য দিয়ে পিবিআইয়ের এক পুলিশ সুপার সকালে বলেন, “দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ ভাই নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।’”

দুপুরে দীপকে নিয়ে টঙ্গী যাওয়ার পর তার বক্তব্যে কিছুটা পরিবর্তন আসে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “দীপ বলছে, তাদের পুলিশের পোশাক পরা কেউ ধাওয়া দিয়েছে। কে ধাওয়া দিল, তা যাচাই-বাছাই করা হচ্ছে।”

তিনি বলেন, “তারা মাদকাসক্ত ছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। দীপ অনেক কিছু বলেছে, আমরা সব কিছু যাচাই-বাছাই করছি।”

মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত হলেও সেটির মালিকানা কার নামে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পিবিআই।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর