ঢাকা, ২৮ অক্টোবর বুধবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৪ ২৮ অক্টোবর ২০২৬  

আগামী ৩১ অক্টোবর শনিবার সকালে প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।

ওইদিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের পর পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ফলাফল সংগ্রহের বিভিন্ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে।  

অনলাইন পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd  এবং https://educationboardresults.gov.bd ছাড়াও নিজ-নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে পুরো ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ-নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সরাসরি ফলাফল সংগ্রহ করতে পারবে। 

এসএমএস পদ্ধতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে সহজে ও দ্রুত ফলাফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
এইচএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং তা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

(উদাহরণ: HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে)। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি কোনো ফলাফল বিতরণ করা হবে না। 

একই সঙ্গে, পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে এবং এটি কার্যকর থাকবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের বিস্তারিত আবেদন প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।