ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৪

পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৬ ২০ অক্টোবর ২০২৬  

পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মদ, গাঁজা, ইয়াবা ছাড়াও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছেন গোয়েন্দারা। 

মঙ্গলবার ভোরে ঢাকার খিলক্ষেত এলাকার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই বাড়িতে অভিযানটি চালানো হয়।

ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ঢাকার খিলক্ষেত এলাকার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত তিনতলা ওই বাড়িটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ‘এয়ার বিএনবি’র মাধ্যমে ভাড়া দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা জহির। 

খিলক্ষেতের ওই বাড়িতে মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয় বলে সাংবাদিকদের জানান ডিএমপির গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, বাসা ভাড়া নেওয়ার পর সেখানে ‘ডিজে পার্টির আয়োজন করে মাদক বিক্রি ও সেবন’ করে আসছিল একটি চক্র।

মঙ্গলবার ভোরে চালানো অভিযানে ওই চক্রের সদস্যসহ ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করে ডিবি। আটকদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে জহির সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাড়ি ভাড়া দিলেও সেখানে মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে তিনি অবগত ছিলেন না।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর