ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
১২

আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪১ ২০ অক্টোবর ২০২৬  

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীতে বিএনপি'র জনসভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা একটি কথা বলি- করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। যারা এই স্লোগানে বিশ্বাস করে না, যারা এই নীতিতে বিশ্বাস করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশের কয়েকটি জায়গায় কয়েকটি কল-কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।”

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে ওরা কাদের সাহায্যে করছে?”

সরকারপ্রধান বলেন, “এই যে কত লোক আছে, একটি দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। যারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে, জনগণের কাছে মিথ্যা কথা বলে- এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।”

এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান তিনি।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর