ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৭ ২৮ সেপ্টেম্বর ২০২৬  

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।’

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই সঙ্গে সারাদেশের নেতা-কর্মীদের আমি বলতে চাই, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে এসব রুখে দিতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন। পরিস্থিতি ইস্যুতে সংসদে যখন তাকে জবাবদিহিতার আওতায় আনা হতো বা প্রশ্ন করা হতো, এটা রাজপথের বক্তব্য, পল্টনের বক্তব্য এসব বলে তিনি কথা এড়িয়ে যেতেন।”

মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, মিরপুরের রাড্ডা সেন্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তিন ঘণ্টার বেশি সময় ধরে এই কার্যক্রম চলল। বোঝাই যাচ্ছে সেখানে স্থানীয় বিএনপি, একজন নারী এমপির নাম এসেছে, সেই সঙ্গে পুলিশ প্রশাসনের নীরবতার মাধ্যমে তাদের পরোক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, “ঢাকার মতো একটি শহরে তিন ঘণ্টা ধরে ভাঙচুর চালাবে এবং প্রশাসন কিছুই করতে পারবে না এটি হতে পারে না।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “এটি বিএনপির সারা দেশের যে নৈরাজ্য এবং তাণ্ডব, দখলবাজি ৫ আগস্টের পর থেকে অর্থাৎ ৬ আগস্ট থেকে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিস ভাঙচুরের ঘটনা দেখতে পারলাম।”

তিনি বলেন, “আমরা দেখলাম কীভাবে প্রশাসন নিষ্ক্রিয় থাকছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দেশে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী আছে বলে মনে হচ্ছে না।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এ সরকার বলেছিল দেশের নির্বাচিত সরকার এলে মব থেমে যাবে, আইনশৃঙ্খলার উন্নতি হবে। এখন আমরা দেখছি, বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা নিজেদের দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না।”

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।