ঢাকা, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ৯ আশ্বিন ১৪৩৩
good-food

‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ২৪ সেপ্টেম্বর ২০২৬  

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুল বলেছেন, ‘মরিয়ম খুবই আবেগী ছিল।’ রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা এ তথ্য উল্লেখ করেছেন। 

চার দিনের রিমান্ড শেষে মামলার মূল রহস্য উদঘাটনে গাজী নজরুলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের ওপর শুনানি চলছে।

ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন এ আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের পুলিশ রিমান্ডে আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম সম্পর্কে বলেন, “ডিসিস্ট (মরিয়ম) খুবই আবেগী ছিল।” 

তবে মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় এর সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল (৭৫) ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম (৬২) এবং নিহত মেয়ের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

২১ সেপ্টেম্বর হাজির করা হলে নজরুলকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। সেদিন রাতেই মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এক দিনের রিমান্ড শেষে প্রথম স্ত্রী মাকছুদাকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। আর চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি।

এদিকে, ২৩ সেপ্টেম্বর মামলার তিন নম্বর আসামি নিহতের মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর