ঢাকা, ০৪ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৬ || ১৯ ভাদ্র ১৪৩৩
good-food
৪৬

তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৯ ৩ সেপ্টেম্বর ২০২৬  

পচেফস্ট্রুমে ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার ম্যাচ। চার দিনের এই ম্যাচ ড্র হবে বলেই ধারণা করা যাচ্ছিল, হয়েছেও তা-ই। যদিও ম্যাচটা বেশি স্মরণীয় হয়ে থাকবে তাওহীদ হৃদয়ের হার না মানা ৩৫০ রানের ইনিংসের কারণে।  

ম্যাচে প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৬ উইকেটে ৪৭১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছিলেন তাওহীদ হৃদয়। চতুর্থ দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন হৃদয়। ধৈর্য ধরে ক্রিজে টিকে থেকে রান বের করেছেন। লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে গেছেন। লিড নিয়েছে বাংলাদেশ।

নাঈম হাসান ২৭ বলে ১৬ এবং হাসান মুরাদ ৩০ বলে ১১ রান করে আউট হলে ক্রিজে আসেন রেজাউর রহমান রাজা। ততক্ষণে বাংলাদেশ লিড নিয়ে ফেললেও অলআউটের শঙ্কা ছিল, হৃদয়ের ৩০০ করা নিয়েও। আরেক প্রান্তে রাজা ব্যাট হাতে দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন। হৃদয়ও ২৫০ পার করেছেন। ছুটেছেন ট্রিপল সেঞ্চুরির দিকে।

দারুণ ধৈর্যশীল এবং কার্যকরী ব্যাটিংয়ে ৩০০ ছুঁয়েও ফেলেন হৃদয়। শেষ পর্যন্ত ৪৮১ বলে ৩৫০ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। আরেক প্রান্তে ১১০ বল খেলে ৩১ রান করে টিকে ছিলেন রেজাউর রহমান রাজা। ৮ উইকেট হারিয়ে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড নেয় ১৬৪ রানের। জবাবে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ‘ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৪৮১ বলে ৩৫০ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড তো হৃদয় গড়েছেনই, সাথে ছিল আরেক রেকর্ডও।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এতদিন ছিলেন তামিম ইকবাল। ২০১৯ সালে মিরপুরে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৩৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন তামিম। দীর্ঘদিন ধরে এই ইনিংসই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস। এবার তাওহীদ হৃদয়ের ৩৫০* রান টপকে গেল তামিমের সেই ইনিংসকে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর