ঢাকা, ১৭ আগস্ট সোমবার, ২০২৬ || ২ ভাদ্র ১৪৩৩
good-food

বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৪ ১৭ আগস্ট ২০২৬  

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হার দেখেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে পরাজিত হয়েছে তারা। এখানেই শেষ নয়। তাদের অবস্থা আরও শোচনীয় হতে পারে। প্যাট কামিন্সের দল স্লো ওভার রেটের কারণে দোষী সাব্যস্ত হয়েছে।

শনিবার তৃতীয় দিনের খেলায় অস্ট্রেলিয়ানরা ৮৬ ওভার বল করেছিল, ন্যূনতম ৯০ ওভারের চেয়ে চারটি কম। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রত্যেক দলকে ঘণ্টায় অন্তত ১৫ ওভার বল করতে হবে, ছয় ঘণ্টায় হবে ৯০ ওভার। কিন্তু অজিরা শনিবার চারটি ওভার বল কম করেছে। তাতে আইসিসির কাছ থেকে শাস্তি পেতে পারে অজিরা।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এই নিয়ম লংঘনের জন্য ম্যাচ প্রতি দলগুলোর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নিতে পারে। এছাড়া খেলোয়াড়দের জরিমানার শাস্তিও দেওয়া হতে পারে। প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করতে পারে আইসিসি।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা প্রত্যেক টেস্ট ম্যাচের জন্য ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। ২০ হাজারের পাঁচ শতাংশ মানে ১ হাজার ডলার। যেহেতু অস্ট্রেলিয়া চার ওভার কম বল করেছে, জরিমানা পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ডলার। মানে ১১ খেলোয়াড় মিলে ৪৪ হাজার ডলার জরিমানা গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ লাখ ৩৮ হাজার টাকা। একই সঙ্গে তাদের চারটি পয়েন্টও কেটে নেওয়া হতে পারে।

বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট হার নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। পয়েন্ট কাটলে তা কমে হবে ৮০, যদিও শতাংশ পয়েন্ট হারের ওপর প্রভাব পড়বে না। 

আইসিসির নিয়ম বলছে, যদি কোনো দল অন্তত ৮০ ওভার ব্যাট করতে না পারে কিংবা দুই ইনিংস মিলে ১৬০ ওভারের কমে দুইবার অলআউট হয় তাহলে এই শাস্তি প্রয়োগ করা হবে না। এই নিয়মের কারণে শেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া বহুবার বেঁচে গেছে। কিন্তু এবার পার পাচ্ছে না।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৩৮ ওভার ব্যাট করেছিল। মানে অস্ট্রেলিয়া শাস্তি পাওয়ার ঝুঁকিতে। তবে গরম আবহাওয়া ও উইকেটের পতনের মতো বিষয়গুলো খতিয়ে দেখে তারপর ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়াকে শাস্তি দেওয়া হবে কি না। 

২০২০ সালে বক্সিং ডে টেস্টে স্লো ওভার রেটের কারণে চার পয়েন্ট হারায় অস্ট্রেলিয়া। এই কারণে ২০২১ সালের চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল তারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর