ঢাকা, ২৮ আগস্ট শুক্রবার, ২০২৬ || ১৩ ভাদ্র ১৪৩৩
good-food
৩৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩১ ২৮ আগস্ট ২০২৬  

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’ নামে পরিচিত জলাশয়ে এ ঘটনা ঘটে।

মৃত পাঁচ শিশু হলো- চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।

সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। 

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, “পৌনে ১টার দিকে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আনুষঙ্গিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।”

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর