ঢাকা, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ৯ আশ্বিন ১৪৩৩
good-food

স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৩ ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। ফলে চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে তা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চিন্তা করছে নির্বাচন কমিশন। এ নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয়-এমন কোনো নজির নেই। সরকারের কাছে নির্বাচন উপযোগী সময়ের তালিকা চাওয়া হয়েছে।”

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: দেশকাল নিউজ

তিনি বলেন, “পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন। তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সঙ্গে সরকারের মন্ত্রীদের বক্তব্য ছিল বিপরীতমুখী। এখন মন্ত্রীদের পথেই এলো ইসি।

সম্প্রতি এক বৈঠক শেষে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রথম দফায় ভোট। আর পুরো নির্বাচন হবে ৭ পর্বে। ৬ জুনের মধ্যে তারা নির্বাচন শেষ করতে চান। এখন সেই পথে নেই ইসি।