ঢাকা, ১৫ নভেম্বর রোববার, ২০২৬ || ১ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ১৫ নভেম্বর ২০২৬  

বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ খুঁজতে গিয়ে অনেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা গুগলের ওপর নির্ভর করেন, সেখানে স্কলারশিপের খবর পাওয়া গেলেও অনেক সময় বিস্তারিত তথ্য থাকে না। কখনো আবেদনের শেষ তারিখ পেরিয়ে যায়, আবার কখনো কারা আবেদন করতে পারবেন, সেটিই স্পষ্ট থাকে না। অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটেই স্কলারশিপ ও অন্যান্য আর্থিক সহায়তার তথ্য পাওয়া যায়।

তবে সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য একই জায়গায় থাকে না। কোথাও ভর্তি বিভাগের পাতায়, কোথাও নির্দিষ্ট বিষয়ের বিভাগে, আবার কোথাও স্কলারশিপের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে। কীভাবে খুঁজতে হবে এবং কোন তথ্যগুলো যাচাই করতে হবে, তা জানা থাকলে নিজের জন্য উপযুক্ত স্কলারশিপ খুঁজে পাওয়া অনেক সহজ হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোথায় খুঁজবেন

প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, সেটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে যান। এরপর ‘অ্যাডমিশনস’, ‘স্কলারশিপস’, ‘ফিন্যান্সিয়াল এইড’, ‘ফিস অ্যান্ড ফান্ডিং’ বা ‘ফান্ডিং অপুরচুনিটিস’ নামে কোনো বিভাগ আছে কি না, দেখুন। অনেক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সার্চ করার সুবিধা থাকে। সেখানে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপস’ লিখে খুঁজতে পারেন। তবে শুধু বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট দেখলেই হবে না। আপনি যে বিষয়ে পড়তে চান, সেই বিভাগের ওয়েবসাইটেও খোঁজ করুন। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে নির্দিষ্ট বিভাগে আলাদা আর্থিক সহায়তার সুযোগ থাকতে পারে।

গুগলে একটি কৌশল ব্যবহার করুন

অনেক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এত তথ্য থাকে যে প্রয়োজনীয় পাতাটি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে গুগলে site: লিখে সার্চ করতে পারেন। ধরুন, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপ খুঁজছেন। গুগলে লিখুন: site:university.edu scholarships। এখানে ‘university.edu’-এর জায়গায় বিশ্ববিদ্যালয়ের আসল ওয়েবসাইটের ঠিকানা বসাবেন।

একইভাবে site:university.edu international student funding কিংবা site:university.edu master's scholarships লিখেও খুঁজতে পারেন। এতে গুগল ওই নির্দিষ্ট ওয়েবসাইটের পাতাগুলো খুঁজে দেখাবে। তবে সার্চের ফলাফলে পুরোনো তথ্যও আসতে পারে। তাই যে পাতাটি খুলছেন, সেটি কোন শিক্ষাবর্ষের জন্য, তা দেখে নিন।

দেশভেদে আলাদা শব্দ দিয়ে খুঁজুন

সব দেশের বিশ্ববিদ্যালয়ে আর্থিক সহায়তার জন্য একই শব্দ ব্যবহার করা হয় না। তাই যে দেশে পড়তে চান, সেই দেশের প্রচলিত শব্দগুলো জানা কাজে আসতে পারে। যেমন:

যুক্তরাষ্ট্র: ‘স্কলারশিপস’, ‘ফিন্যান্সিয়াল এইড’, ‘গ্র্যাজুয়েট ফান্ডিং’, ‘ফেলোশিপস’, ‘টিচিং অ্যাসিসট্যান্টশিপস’ এবং ‘রিসার্চ অ্যাসিসট্যান্টশিপস’ লিখে খুঁজতে পারেন। বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডিতে অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে ভাতা বা টিউশন ফি মওকুফের সুযোগ থাকতে পারে।

যুক্তরাজ্য: ‘স্কলারশিপস’, ‘বারসারিস’, ‘স্টুডেন্টশিপস’ এবং ‘পোস্টগ্র্যাজুয়েট ফান্ডিং’ শব্দগুলো ব্যবহার করুন। বিশেষ করে পিএইচডির জন্য ‘ফান্ডেড পিএইচডি’ বা ‘পিএইচডি স্টুডেন্টশিপস’ লিখে খুঁজতে পারেন।

কানাডা: ‘এন্ট্রেনস স্কলারশিপস’, ‘গ্র্যাজুয়েট ফান্ডিং’, ‘অ্যাওয়ার্ডস’, ‘ফেলোশিপস’ ও ‘অ্যাসিস্ট্যান্টশিপস’ লিখে খুঁজুন। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ই নির্দিষ্ট বৃত্তির জন্য শিক্ষার্থীদের বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়া: ‘ইন্টারন্যাশনাল স্কলারশিপস’, ‘রিসার্চ স্কলারশিপস’ এবং ‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’ লিখে খুঁজতে পারেন। আরটিপি মূলত গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডির জন্য। সাধারণ কোর্সভিত্তিক মাস্টার্সের ক্ষেত্রে অন্য স্কলারশিপ দেখতে হবে।

জার্মানি: ‘স্কলারশিপস’, ‘ফান্ডিং’, ‘স্টাইপেন্ডস’ এবং ‘ডাড’ লিখে খুঁজতে পারেন। কিছু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ওয়েবসাইটে ‘ফিন্যান্সিং ইউর স্টাডিস’ নামেও তথ্য থাকে।

ইউরোপের অন্যান্য দেশ: ‘স্কলারশিপস’, ‘টিউশন ওয়েভারস’, ‘গ্র্যান্টস’ ও ‘ইরাসমাস মুন্ডুস’ দিয়ে খুঁজতে পারেন। বিশেষ করে যৌথ মাস্টার্স প্রোগ্রামে আগ্রহী হলে ইরাসমাস মুন্ডুসের নিজস্ব প্রোগ্রাম তালিকাও দেখুন। এগুলো খোঁজার জন্য কিছু শব্দের উদাহরণ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে একই ধরনের স্কলারশিপ পাওয়া যাবে, এমন নয়।

স্নাতক, মাস্টার্স ও পিএইচডির তথ্য আলাদা করে দেখুন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপ খোঁজার সময় নিজের পড়াশোনার পর্যায় অনুযায়ী তথ্য দেখুন। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকা স্কলারশিপের শর্ত মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য না-ও হতে পারে। আবার পিএইচডির জন্য যে ফান্ডিং রয়েছে, তা মাস্টার্সের শিক্ষার্থীরা পাবেন না। তাই ‘আন্ডারগ্র্যাজুয়েট’, ‘পোস্টগ্র্যাজুয়েট’, ‘গ্র্যাজুয়েট’ বা ‘ডক্টরাল’ নামে আলাদা বিভাগ থাকলে সঠিকটি বেছে নিন। মাস্টার্সের ক্ষেত্রেও গবেষণাভিত্তিক ও কোর্সভিত্তিক প্রোগ্রামের মধ্যে পার্থক্য থাকতে পারে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও কানাডার কিছু বিশ্ববিদ্যালয়ে এই পার্থক্য গুরুত্বপূর্ণ। 

শুধু স্কলারশিপ নয়, অন্য আর্থিক সহায়তাও দেখুন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘স্কলারশিপ’ লিখে কিছু না পেলেই ধরে নেবেন না যে সেখানে আর্থিক সহায়তার সুযোগ নেই। কিছু বিশ্ববিদ্যালয় টিউশন ফি কমানোর সুযোগ দেয়। কোথাও গবেষণা বা শিক্ষকতার কাজে সহায়তা করার বিনিময়ে ভাতা পাওয়া যায়। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে পড়ার জন্য আলাদা অনুদান থাকে।

এ ধরনের সুযোগ ‘ফান্ডিং’, ‘গ্র্যান্টস’, ‘অ্যাওয়ার্ডস’, ‘অ্যাসিস্ট্যান্টশিপস’ বা ‘টিউশন ফি ওয়েভারস’ নামে থাকতে পারে। তবে অ্যাসিস্ট্যান্টশিপ সাধারণত কাজের দায়িত্বের সঙ্গে যুক্ত। অন্যদিকে স্কলারশিপের ক্ষেত্রে কাজ করার শর্ত থাকতেও পারে, না-ও পারে। তাই শুধু আর্থিক সুবিধা নয়, এর সঙ্গে কোনো দায়িত্ব বা শর্ত রয়েছে কি না, সেটিও দেখুন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কি না, যাচাই করুন

কোনো স্কলারশিপের নাম আকর্ষণীয় মনে হলেই আবেদন করার প্রস্তুতি শুরু করবেন না। প্রথমে দেখুন, বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে আবেদন করতে পারবেন কি না। স্কলারশিপের পাতায় ‘এলিজিবিলিটি’, ‘ন্যাশনালিটি’, ‘সিটিজেনশিপ’ বা ‘ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস’ নামে বিভাগ খুঁজুন।

কিছু স্কলারশিপ শুধু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য। আবার কিছু স্কলারশিপে নির্দিষ্ট অঞ্চল বা দেশের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। বাংলাদেশের নাম না থাকলে পুরো যোগ্যতার শর্ত পড়ুন। অনেক সময় ‘অল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ বা ‘স্টুডেন্টস ফ্রম অল কান্ট্রিস’ লেখা থাকে। শর্ত স্পষ্ট না হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অফিসে ই-মেইল করে জানতে পারেন। 

কত টাকা পাবেন, আর কোন খরচগুলো নিজেকে দিতে হবে

স্কলারশিপের তথ্য খুঁজে পাওয়ার পর সবচেয়ে জরুরি কাজ হলো সেটি ঠিক কী কী খরচ বহন করবে, তা দেখা। কোনো স্কলারশিপে পুরো টিউশন ফি দেওয়া হয়। কোথাও আংশিক ছাড় থাকে। আবার কিছু স্কলারশিপে টিউশন ফির পাশাপাশি থাকা-খাওয়া বা অন্যান্য খরচের জন্য ভাতাও দেওয়া হয়। তাই ওয়েবসাইটে ‘স্কলারশিপ ভ্যালু’, ‘বেনিফিটস’, ‘কভারেজ’ বা ‘ফান্ডিং প্যাকেজ’ বিভাগ দেখুন।

টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, যাতায়াতের খরচ এবং অন্যান্য ফি সম্পর্কে আলাদা করে খোঁজ নিন। ধরুন, একটি স্কলারশিপে পুরো টিউশন ফি মওকুফ করা হচ্ছে। কিন্তু থাকা-খাওয়ার জন্য কোনো ভাতা নেই। সেক্ষেত্রে ওই শহরে থাকার খরচ কত, তা হিসাব না করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একইভাবে মাসিক ভাতা থাকলেও সেটি কত দিন পাওয়া যাবে, ছুটির সময় দেওয়া হবে কি না এবং কোনো শর্তে বন্ধ হতে পারে কি না, তা জেনে নিন।

আলাদা আবেদন করতে হবে কি না, দেখুন

সব স্কলারশিপের জন্য আলাদা আবেদন করতে হয় না। কিছু বিশ্ববিদ্যালয়ে মূল প্রোগ্রামে আবেদন করলেই শিক্ষার্থীদের নির্দিষ্ট স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়। আবার কোথাও স্কলারশিপের জন্য আলাদা ফরম পূরণ করতে হয়। তাই ‘হাউ টু অ্যাপ্লাই’, ‘অ্যাপ্লিকেশন প্রসিডিউর’ কিংবা ‘সিলেকশন প্রসেস’ বিভাগটি ভালোভাবে পড়ুন।

 

আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখুন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ তারিখ আর স্কলারশিপের আবেদনের শেষ তারিখ সব সময় এক নয়। ধরুন, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ তারিখ ১৫ জানুয়ারি, কিন্তু স্কলারশিপের জন্য ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শুধু ভর্তির শেষ তারিখ মনে রাখলে স্কলারশিপের সুযোগ হাতছাড়া হতে পারে। 

বিশ্ববিদ্যালয়ের বাইরের স্কলারশিপও খুঁজুন

কিছু স্কলারশিপ সরাসরি বিশ্ববিদ্যালয় দেয় না। বিভিন্ন দেশের সরকার বা অন্য প্রতিষ্ঠানও বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে।

যেমন, জার্মানিতে পড়াশোনার জন্য ডাডের স্কলারশিপ ডেটাবেস, যুক্তরাজ্যের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ওয়েবসাইট এবং কানাডার জন্য এডুকানাডার স্কলারশিপ বিভাগ দেখতে পারেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সরকারি স্টাডি অস্ট্রেলিয়া ওয়েবসাইটেও বিভিন্ন স্কলারশিপের তথ্য খুঁজতে পারেন। ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে যৌথ মাস্টার্স করতে চাইলে ইরাসমাস মুন্ডুসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রোগ্রাম খুঁজুন।

তবে কোনো সরকারি স্কলারশিপের নাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখলেই ধরে নেবেন না যে সেটিতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন কোথায় এবং কীভাবে করতে হবে, তা সংশ্লিষ্ট স্কলারশিপের মূল ওয়েবসাইটে যাচাই করুন।

তথ্য না পেলে কাকে ই-মেইল

সব তথ্য খোঁজার পরও যদি বুঝতে না পারেন, আপনার জন্য স্কলারশিপ রয়েছে কি না, তাহলে বিশ্ববিদ্যালয়ে ই-মেইল করতে পারেন।

স্নাতক পর্যায়ের জন্য ভর্তি বা স্কলারশিপ অফিসে যোগাযোগ করুন। মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের ভর্তি সমন্বয়কারী বা গ্র্যাজুয়েট অফিসে যোগাযোগ করতে পারেন। ই-মেইলে কোন প্রোগ্রামে আবেদন করতে চান, তা উল্লেখ করে নির্দিষ্ট প্রশ্ন করুন। যেমন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফান্ডিং রয়েছে কি না, মূল আবেদনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করা হয় কি না কিংবা আলাদা আবেদন প্রয়োজন কি না, জানতে পারেন। তবে ই-মেইল করার আগে ওয়েবসাইটের নির্দেশনা ও সাধারণ প্রশ্নোত্তর বিভাগটি দেখে নিন।

প্রাপ্ত তথ্য এক জায়গায়

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাইলে স্কলারশিপের তথ্য একটি গুগল শিট বা খাতায় লিখে রাখুন। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম, দেশ, প্রোগ্রাম, স্কলারশিপের নাম, কী কী খরচ দেওয়া হবে, আবেদনের শেষ তারিখ এবং ওয়েবসাইটের লিংক রাখুন। আলাদা আবেদন করতে হবে কি না, সেটিও লিখুন। প্রতি সপ্তাহে একবার তথ্যগুলো দেখে নিতে পারেন। কোনো বিশ্ববিদ্যালয় নতুন স্কলারশিপ ঘোষণা করেছে কি না বা আবেদনের শর্ত বদলেছে কি না, সেটিও যাচাই করুন।