ঢাকা, ১৬ নভেম্বর সোমবার, ২০২৬ || ২ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৩

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০২ ১৬ নভেম্বর ২০২৬  

দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে রবিবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে নেতাকর্মীরা।

এ সময় ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, “আমরা চাই আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাকে দেশে ফিরে আনার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সকলে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে পার্টি অফিসে নেতাকর্মীরা বসতে পারে।”

তিনি বলেন, “এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ সরকার এরা আমাদের পার্টি অফিস অফ করে রেখেছিল প্রশাসন দিয়ে। আমরা সেটাকেও উৎখাত করে আমরা আজকে পার্টি অফিস ওপেন করে দিয়েছি। বঙ্গবন্ধুর সমাধি জাতির পিতার সমাধি সে শুধু আওয়ামী লীগের সম্পদ না, সে পুরো বাংলাদেশের সম্পদ। আমরা গ্রামবাসী সবাই মিলে একসাথে হয়ে এই সমাধিকেও খুলে দিচ্ছি। আজকের পর থেকে সকলেই বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পারবে, জিয়ারত করতে পারবে আর এখান থেকেই রাজনীতি আন্দোলন সারা বাংলাদেশে আন্দোলনের শুরু হবে।”

এর আগে রবিবার রাত ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের সমাধি  সৌধের বেদির পাশে সমবেত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর