ঢাকা, ২৩ নভেম্বর সোমবার, ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৯

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৮ ২৩ নভেম্বর ২০২৬  

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পুশ-ইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধেও বাড়ানো হয়েছে নজরদারি।”

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিবির মহাপরিচালক।

তিনি বলেন, “ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশ-ইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসে, সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি।”

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “তাদের কাছে অনেক তথ্য থাকে। কারও যাওয়া-আসা বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য পেলে বিজিবিকে জানাতে হবে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়নের অধীন পরশুরাম সীমান্তের বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন।

দিনের শেষভাগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও আখাউড়া বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।