ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪৭

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ১৮ নভেম্বর ২০২৬  

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের তাণ্ডব চলছেই। এবার জেলার কাশিয়ানিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের অফিসে ভাঙচুর চালিয়েছে তারা।

হামলার সময় তাদের হাতে লাঠিসোঁটা, রামদা, ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্রপাতি দেখা যায়। এসময় পুলিশের এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়। এছাড়া কাশিয়ানীর রামদিয়ায় মিছিল নিয়ে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিয়েছে দলটির কর্মী-সমর্থকরা।

বুধবারও (১৮ নভেম্বর) গোপালগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে জেলার টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। এরই মধ্যে সাত স্থানে ব্যারিকেড দিয়েছে তারা।

বুধবার টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

জেলা শহর থেকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। কোথাও কোথাও মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

আগের দিন (মঙ্গলবার, ১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ার নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। যার চিহ্ন এখনও রয়েছে। গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে আছে।

এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা। আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যায় তারা। সেই রেশ না কাটতেই গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। 

গত সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে তারা।

এর আগে টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

গত রবিবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেয় তারা। 

সেই থেকে গোপালগঞ্জে তাদের মিছিল, বিক্ষোভ, অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর অব্যাহত রয়েছে। সময় যত গড়াচ্ছে তা আরও তীব্র আকার ধারণ করছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর