ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
২

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪০ ১৮ নভেম্বর ২০২৬  

শরীর সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে বাঁচতে রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউন সিস্টেম শক্তিশালী রাখা জরুরি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিনের খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাবার শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রাখতে এবং ভাইরাস, ব্যাকটেরিয়াসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধপ্রতিক্রিয়া বজায় রাখতে পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিজ্ঞানী মেরি উইলারের মতে, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার প্রায় ৭০ শতাংশের সঙ্গে পরিপাকতন্ত্রের সম্পর্ক রয়েছে। অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার বিকাশে সহায়ক খাবার গ্রহণ করলে পরিপাকতন্ত্রের পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতাও ভালো থাকে।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে উপকারী ৩০ খাবার

১. টক দই: এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বিকাশে সাহায্য করে। ফলে পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধক্ষমতা ভালো থাকে।

২. ওটস ও বার্লি: এসব খাবারে থাকা বিটা-গ্লুকান নামের ফাইবার রোগ প্রতিরোধক কোষকে সক্রিয় করতে সাহায্য করে।

৩. রসুন: রসুনের অ্যালিসিন উপাদানে প্রদাহবিরোধী ও জীবাণুরোধী বৈশিষ্ট্য রয়েছে।

৪. সামুদ্রিক খাবার: ঝিনুক, কাঁকড়া ও লবস্টারে থাকা সেলেনিয়াম শ্বেত রক্তকণিকার কার্যক্রমে সহায়তা করে।

৫. মুরগির স্যুপ: গরম স্যুপ শ্লেষ্মা পাতলা রাখতে সাহায্য করে। এতে থাকা রসুন ও পেঁয়াজও পুষ্টিগুণ বাড়ায়।

৬. হলুদ: হলুদের কারকিউমিন উপাদান প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধব্যবস্থা ভালো রাখতে সহায়তা করে।

৭. চা: কালো ও সবুজ চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

৮. গরুর মাংস: এতে থাকা জিঙ্ক শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।

৯. শূকরের মাংস: এটি জিঙ্কের ভালো উৎস। শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা সচল রাখতে জিঙ্ক প্রয়োজন।

১০. কাঠবাদাম: এতে থাকা ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষকে সুরক্ষা দেয়।

১১. মিষ্টি আলু: এতে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরি করে, যা ত্বক ও রোগ প্রতিরোধব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

১২. আদা: আদার প্রদাহবিরোধী উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

১৩. কেল শাক: এতে থাকা ভিটামিন এ ত্বকের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে সহায়ক।

১৪. ক্যাপসিকাম: ভিটামিন সি সমৃদ্ধ এই সবজি রোগ প্রতিরোধব্যবস্থা কার্যকর রাখতে সাহায্য করে।     

১৫. ব্রকলি: এতে রয়েছে ভিটামিন এ, সি ও ফাইবার, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

১৬. ডিম: ডিমে থাকা ভিটামিন ডি রোগ প্রতিরোধক কোষের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

১৭. ভিটামিন ডি সমৃদ্ধ সিরিয়াল: এসব খাদ্যশস্য শরীরে ভিটামিন ডির চাহিদা পূরণে সাহায্য করে।

১৮. মাশরুম: এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান রোগ প্রতিরোধক কোষের কার্যক্রমে সহায়তা করে।

১৯. হাড়ের ঝোল: এতে রয়েছে কোলাজেন, অ্যামিনো অ্যাসিড ও খনিজ উপাদান, যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।

২০. কেফির: গাঁজন করা এই দইজাতীয় পানীয়তে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

২১. চর্বিযুক্ত মাছ: স্যামন ও ম্যাকেরেলের মতো মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে।

২২. লেবুজাতীয় ফল: কমলা, মাল্টা ও জাম্বুরায় থাকা ভিটামিন সি সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করে।

২৩. সূর্যমুখীর বীজ: এতে থাকা ভিটামিন ই কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

২৪. ব্ল্যাকবেরি: অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবারসমৃদ্ধ এই ফল অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

২৫. মুরগির বুকের মাংস: এটি প্রোটিনের ভালো উৎস। প্রোটিন অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধক কোষ তৈরিতে প্রয়োজনীয়।

২৬. ডাল ও শিমজাতীয় খাবার: এসব খাবারে থাকা প্রোটিন শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সচল রাখতে সহায়তা করে।

২৭. সেলারি: এতে থাকা ফাইবার ও পানি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

২৮. কিউই: এতে রয়েছে ভিটামিন ই ও পানি, যা রোগ প্রতিরোধক কোষের কার্যক্রম এবং শরীরের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক।

২৯. ব্লুবেরি: এতে থাকা পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে।

৩০. ব্রাজিল নাট: এতে প্রচুর সেলেনিয়াম রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়।

যেভাবে কাজ করে রোগ প্রতিরোধব্যবস্থা

মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা একধরনের নিরাপত্তাব্যবস্থা। এটি শরীরে প্রবেশ করা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য ক্ষতিকর জীবাণু শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে। ত্বক, অস্থিমজ্জা, রক্ত ও বিভিন্ন টিস্যু এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

শরীরে কোনো জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সক্রিয় হয়ে সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। তবে এইচআইভি সংক্রমণে আক্রান্ত ব্যক্তি, অটোইমিউন রোগী, কেমোথেরাপি গ্রহণকারী ও গর্ভবতী নারীদের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তাই তাদের জন্য সুষম খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।