ঢাকা, ২০ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ৬ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১২

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ২০ নভেম্বর ২০২৬  

বৃষ্টি চলবে কতদিন আর শীত নামবে কবে, তা নিয়ে এখন নানা আলোচনা চলছে। হেমন্তের শেষ দিকে এসে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই বিভিন্ন অঞ্চলে এ বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, ‘এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।’ তাই তখন তারা শীতের কাপড়, লেপ-কম্বলও বের করতে শুরু করেন। কিন্তু চলমান বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দিয়ে যাবে? নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? এবারের শীতই বা কেমন হতে পারে?

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে।

এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তখনো বৃষ্টি শুরু হয়নি। শিগগিরই এসব বিভাগেও বৃষ্টি হতে পারে বলে শুক্রবার সকালে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সে হিসাবে যশোরে অতি ভারী বর্ষণ হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় ৬০ মিলিমিটার, চাঁদপুরে ৫০ মিলিমিটার, খুলনায় ৪৯ মিলিমিটার, কয়রায় ৪৬ মিলিমিটার, কুমিল্লায় ৪১ মিলিমিটার, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ মিলিমিটার এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

ঢাকায় একই সময়ে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর এবং সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে। অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানে একে ঘূর্ণিঝড় সৃষ্টির ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি বৈশিষ্ট্য বলা হয়।”

ড. মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের পর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে দিন ছোট হতে থাকে। রাত বড় হতে থাকে। এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। সাগরের পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়। এর ফলে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে না এলেও জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে দেশে বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, শুক্রবার ও শনিবার একই পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ মাসের মোট বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রোববারও এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

বজলুর রশীদ বলছেন, বৃষ্টির পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বাড়তে পারে। মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। নভেম্বরের শেষ দিক থেকে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। 

ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।