ঢাকা, ২০ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ৬ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১২

মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ২০ নভেম্বর ২০২৬  

ব্যক্তি ও শিল্পী জীবনে বর্ণাঢ্য সময় পার করেছেন মুর্তজা বশীর। ভাষা আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্র গঠনের সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তর অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী তিনি। তার চিত্রকর্মে সেসব উঠে এসেছে সাবলীলভাবে। দেশে বিমূর্ত চিত্রকলার অন্যতম পথিকৃৎ প্রথিতযশা এ শিল্পী।

মুর্তজা বশীরের চিত্রকর্মের মধ্যে ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১ শে’ ‘উত্সর্গ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার নানা শাখায় অবলীলায় বিচরণ করেছেন তিনি। 

বর্ণিল জীবনে কয়েকটি বই লিখেছেন মুর্তজা বশীর। মুদ্রা ও শিলালিপি নিয়ে করেছেন গবেষণা। বেশ কিছু উল্লেখযোগ্য দেয়ালচিত্র করেছেন তিনি। ছোটগল্প, উপন্যাস লেখার পাশাপাশি চলচ্চিত্রেও রেখেছেন টুকটাক অবদান।

মুর্তজা বশীর ছিলেন সমাজসচেতন শিল্পী। মার্কসবাদে বিশ্বাসী ছিলেন তিনি। নানা কর্মে মানুষকে হতাশা থেকে মুক্তি দিয়েছেন। ছবি আঁকাকে মেনে নিয়েছিলেন ‘বিপ্লবের হাতিয়ার’ হিসেবে।

প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর। ১৯৩২ সালের ১৭ আগস্ট রমনা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জন্মগ্রহণ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছিলেন ১৯৪৩ সালের দুর্ভিক্ষ। সেসময় ট্রাকে করে আমেরিকার নিগ্রো, সাদা সৈনিকদের উল্লাস প্রত্যক্ষ করেন ঢাকার রাজপথে।

উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রত্যক্ষদর্শী মুর্তজা বশীর। পরে অবিভক্ত পাকিস্তান পর্বও দেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। এতে রক্তাক্ত আবুল বরকতকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের অন্যতম মুর্তজা বশীর। ব্রিটিশ ভারত বিভাগের পর পূর্ববঙ্গের নিজস্ব শিল্পকলার অন্যতম পুরোধা তিনি। 

বাঙালির গণতান্ত্রিক সংগ্রাম, রাজনৈতিক সচেতনতা ও মুক্তিযুদ্ধের স্মরণে সব চিত্রকর্ম এঁকেছেন মুর্তজা বশীর। তার ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘রক্তাক্ত ২১ শে’ কর্ম তেমনই। চিত্রকলা নিয়ে পড়তে ও প্রদর্শনীতে গেছেন বিভিন্ন দেশে।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। ২০১৯ সালে লাভ করেন স্বাধীনতা পুরস্কার। দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মুর্তজা বশীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। তবে আবহমান বাংলায় তিনি সবসময় বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে।