ঢাকা, ৩০ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ১৫ আশ্বিন ১৪৩৩
good-food
৪

তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ৩০ সেপ্টেম্বর ২০২৬  

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি ‘একই জায়গায়’ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা প্রসঙ্গে আলোচনা করেন ত্রিবেদী। সেখানে তিনি বলেন, “আমি আমার প্রধানমন্ত্রীর (মোদী) সঙ্গে দেখা করেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের সঙ্গেও দেখা করেছি। তারা একই জায়গায় আছেন।”

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘খুবই ইতিবাচক’ অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে বলেও আত্মবিশ্বাসী তিনি।

ত্রিবেদী জানান, সফরের কোনো নির্দিষ্ট তারিখ, সময় বা মাস নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে তারেক রহমান নভেম্বরে ভারত সফর করতে পারেন-এমন আলোচনা রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, “তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সফরটি যদি হয়, তাহলে এর জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে ব্যবসা-বাণিজ্য ও পানি বণ্টনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”

প্রস্তাবিত সফর নিয়ে সাংবাদিকেরা বারবার প্রশ্ন করছেন উল্লেখ করে তিনি বলেন, “এতে বোঝা যায়, দুই দেশের দুই নেতার বৈঠক দেখতে মানুষের আগ্রহ রয়েছে।”

সফরের সময় সম্পর্কে জানতে চাইলে ভারতের হাইকমিশনার আবারও বলেন, “কোনো তারিখ চূড়ান্ত হয়নি।” তবে সফরটি হবে এ বিষয়ে তিনি ‘১২০ শতাংশ’ নিশ্চিত বলে জানান।