ঢাকা, ২৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৬ || ১৩ কার্তিক ১৪৩৩
good-food
৩৪

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৯ ২৮ অক্টোবর ২০২৬  

মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় কঠোর সতর্কতা জারি করে স্পষ্ট জানিয়েছে, ৩১ অক্টোবরের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন ব্যয় নিয়ে নানা উদ্বেগের মধ্যে দুই বছরের বেশি সময় পর মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানো শুরুর জোর প্রস্তুতির মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার এই দিনক্ষণ ঘোষণা করা হলো। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারগুলোতে করাতে হবে। অনুমোদিত সেন্টারগুলোর তালিকা খুব শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া সেন্টারগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারি নির্দেশনা মেনে চলার ওপর ভিত্তি করে এ তালিকায় নতুন মেডিকেল সেন্টার যুক্ত কিংবা বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: প্রক্রিয়া শুরু: মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ

স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে সংশ্লিষ্ট আগ্রহী কর্মীদের আবশ্যিকভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইট যাচাই করে নেওয়ার জোর পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে আরও জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি কোনো অনুমোদন ছাড়াই স্বাস্থ্য পরীক্ষার মিথ্যা আশ্বাস দিয়ে নিরীহ চাকরিপ্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

এমতাবস্থায় সংশ্লিষ্ট এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর সরকারি অনুমোদন আগেভাগে যাচাই না করে এ ধরনের কোনো প্রস্তাবে সাড়া না দিতে কিংবা কারও কাছে পাসপোর্ট ও টাকা হস্তান্তর না করতে কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।