ঢাকা, ২৭ সেপ্টেম্বর রোববার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
৭

রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৭ সেপ্টেম্বর ২০২৬  

এ যেন রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন। তিন ওয়ানডেতে হয়েছে চার সেঞ্চুরি। সেটিও প্রথম তিন ইনিংসে। 

এক ম্যাচে দুজন আর বাকি দুই ম্যাচে একজন করে উদযাপন করেছেন সেঞ্চুরি। তার মধ্যে দুজন পেয়েছেন প্রথমবার তিন অঙ্কের রানের দেখা।  

দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ও ডেভিড মিলার সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের টম ব্যান্টন সেঞ্চুরি উদযাপন করেছেন শ্রীলঙ্কার সঙ্গে। আর ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস সেঞ্চুরি পেয়েছেন ভারতের বিপক্ষে। 

তিন ম্যাচেই হয়েছে বড় স্কোর। তার মধ্যে দুই দল পেয়েছে সাড়ে তিনশ’ ছড়ানো সংগ্রহ! সেই বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করছে প্রতিপক্ষ।

ওয়ানডেতে দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। আগের তিন অঙ্কের ইনিংসের পর পেরিয়ে গেছে তিন বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে সেই অপেক্ষা শেষ করলেন বাভুমা।

জোহানেসবার্গে রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা। এই সেঞ্চুরির মধ্য দিয়ে ওয়ানডেতে টানা ২৮ ইনিংস পর তিন অঙ্কের রান ছুঁতে পারলেন তিনি।

ওয়ানডেতে বাভুমার আগের সেঞ্চুরিটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

ওয়ানডে ক্যারিয়ারে এটি বাভুমার ষষ্ঠ সেঞ্চুরি। এর মধ্যে অধিনায়ক হিসেবে করেছেন পাঁচটি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি আছে কেবল গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের। স্মিথের সেঞ্চুরি ৮টি, ডি ভিলিয়ার্সের ১৩টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে এটি বাভুমার দ্বিতীয় সেঞ্চুরি। অজিদের বিপক্ষে প্রোটিয়া অধিনায়কদের মধ্যে ফাফ দু প্লেসির সেঞ্চুরি তিনটি। বাভুমার পর এই ম্যাচে সেঞ্চুরি করেন ডেভিড মিলার। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১৫৪ রানের জুটি। তাতেই রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

টসে হেরে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা ৯ উইকেটে করেছে ৩৬৫ রান। তার মধ্যে মিলারের রান ৯৩ বলে ১৪২। তার ঝোড়ো ইনিংসটিতে ছিল ১২ চার ৯ ছক্কা। ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি পাওয়া মিলারের এই সংস্করণে এটিই সর্বোচ্চ ইনিংস। 

বাভুমা ও মিলার ফেরেন জ্যাক এডওয়ার্ডসের বলে। মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই এই অজি পেসার নিয়েছেন ৫ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ১৩ ওভারে বিনা উইকেটে করেছে ৯০ রান।

ভারতের বিপক্ষে তিরুবন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের ৫০ ওভারের ক্রিকেটে এটিই প্রথম সেঞ্চুরি। তার ১০৮ বলে করা ১০১ রানের ইনিংসটিতে ছিল ১২ চার। গ্রিভসের সেঞ্চুরিতে ক্যারিবীয়রাও পেয়েছে বড় সংগ্রহ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে করেছে ২৯৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভাবে বিনা উইকেটে ৫৩ রান করেছে ভারত। 

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন ব্যান্টন। এই ওপেনারের ব্যাটে চড়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। 

ইংলিশরা ৭ উইকেটে করেছে ৩৫৫ রান। ব্যান্টনের ১০৫ বলে ১২৬ রানের ইনিংসটিতে ছিল ১৬ চার ৫ ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেট এটি তার প্রথম সেঞ্চুরি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর