ঢাকা, ০৩ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৮ কার্তিক ১৪৩৩
good-food
৭

ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:৫৯ ৩ নভেম্বর ২০২৬  

মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে একটি বসতঘরের মেঝেতে অলৌকিকভাবে জেগে উঠেছে একজোড়া কবর। সেই কবর দুটি ঘিরে গ্রামজুড়ে চলছে কৌতূহল। জোড়া কবরকে ঘিরে ঝাড়ফুঁক, তেল পড়া ও আরোগ্য লাভের আশায় ছুটছেন গ্রামের নারী-পুরুষরা।

অলৌকিক এই ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে। তবে এমন ঘটনা নিছক ভণ্ডামি এবং টাকা কামানোর ধান্দা বলে মনে করছেন স্থানীয়রা।

তাছাড়া ইসলামেও এমন ঘটনার নজির নেই বলছেন ধর্মীয় নেতারা। আর সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারির ছেলে সজীব বেপারি ছয় মাস পূর্ব থেকে ধ্যানে বসে মানুষের রোগ নির্ণয় করে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন তার কাছে ৪০-৫০ নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন। আর প্রতি সোমবার রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

হঠাৎ করেই গত ২৬ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে সজীবের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে বলে প্রচার করা হয়। এরপর একই দিন রাত ১২টায় ওই কবরের পাশে জেগে ওঠে আরও একটি কবর।

সজীব বেপারি ও তার পরিবারের দাবি, ঘরের মধ্যে জেগে ওঠা কবর দুটি ‘বড় পীর আব্দুল কাদের জিলানী (রা.) ও খাজা মাইনউদ্দিন চিশতী (রা.) এর’।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দিন-রাত শত শত উৎসুক মানুষ জোড়া কবর দেখতে ভিড় জমান ওই বাড়িতে। অনেকে ঝাড়ফুঁকের চিকিৎসা নিতে তেল, পানি, কাইতন নিয়ে আসেন ওই বাড়িতে। আর দিন যত যেতে থাকে উৎসুক মানুষের ভিড়ও ততই বাড়তে থাকে।

সরেজমিনে সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সজীব বেপারির উত্তর ভিটির বসতঘরের মেঝেতে বাম পাশে দুটি কবর আকৃতি রয়েছে। কবর আকৃতি দুটি নতুন গামছা ও ফুলেল মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পশ্চিম পাশের কবরটি দুই হাত ও পূর্ব পাশের কবরটি তিনহাত লম্বা। কবর দুটির পাশে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে ঘেরা।

সজীব বেপারির মা শিউলী বেগম বলেন, “আমার ছেলে সজীব দীর্ঘদিন অসুস্থ ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও ভালো হয়নি। ছয় মাস পূর্বে নিজ বাড়িতে স্বপ্নেপ্রাপ্ত হয়ে নিজ বাড়িতে আসন স্থাপন করে ভাড়ে বসে নিজে সুস্থ হয় এবং বিভিন্ন মানুষকে রোগের চিকিৎসা দিয়ে আসছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক আব্দুস সালাম বেপারির পরিবারের জ্যেষ্ঠপুত্র সজীব বেপারি ইতোপূর্বে পেশায় একজন হোটেল কর্মচারীর কাজ করতেন।

এ বিষয়ে সজীব বেপারি জানান, দীর্ঘদিন ভাড়ে বসে লোকজনকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন তিনি। হঠাৎ করে গত ২৬ অক্টোবর সকালে তার বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একইদিন রাতে ওই কবরের পাশে আরেকটি কবর জেগে ওঠে। কবর দুটি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী (রা.) ও খাজা মাইনউদ্দিন চিশতী (রা.) এর।

অলৌকিক কবরের গুজব ছড়িয়ে ঝাড়ফুঁক করে অনৈতিকভাবে অর্থ উপার্জনের অভিযোগ অস্বীকার করেছেন সজীব বেপারি।

তবে ইসলামের দৃষ্টিতে এ ধরনের ঘটনার নজির নেই বলে জানিয়েছেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওআনা ফজলুল হক। প্রশাসন তদন্ত করলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তদন্ত করে ঘটনাটির ব্যবস্থা নেওয়া হবে।”

আগৈলঝাড়ার ইউএনও নিরুপম মজুমদার বলেন, “এমন কোনো ঘটনা কখনো কোথাও ঘটেছে বলে আমি শুনিনি। আগৈলঝাড়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই জানলাম। মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর