ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
২৫

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ১৮ নভেম্বর ২০২৬  

আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জটিলতা সফলভাবে সমাধানের পর প্রায় বিনা খরচে দেশটিতে ১০ হাজার কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, এসব কর্মীর মধ্যে আগের স্বৈরাচার শাসনামলে গুম ও হত্যার শিকার ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্য থাকবেন।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি সংসদকে আরও জানান, আলোচনার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে পেরেছে সরকার। একই সঙ্গে প্রত্যেক কর্মীর মোট অভিবাসন ব্যয় যেন দুই লাখ টাকার বেশি না হয়, তা অনেকাংশে নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে ইচ্ছুক কর্মীদের অভিবাসন ব্যয়ও যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সরকার কাজ করছে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট ও ব্যাপক অনিয়মের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রায় বন্ধ করে দিয়েছিল অথবা নিয়োগ প্রক্রিয়া ধীর করে দিয়েছিল।

এ সময় মালয়েশিয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে সরকার সফলভাবে সমস্যাটির সমাধান করেছে। এর ফলে প্রত্যেক কর্মীর সামান্য অর্থ ব্যয়ে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর পথ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এসব দেশের কয়েকটি গাড়ি চালানোসহ বিভিন্ন কাজে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

তারেক রহমান বলেন, অভিবাসী কর্মীদের সঙ্গে প্রতারণা ও তাদের অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে।

এর আগে কামরুল হাসান বিদেশে কর্মসংস্থানের উচ্চ ব্যয়, মধ্যস্বত্বভোগীদের প্রতারণা এবং কর্মীদের শোষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের নিখোঁজ হওয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন তিনি।

সাধারণ মানুষ, এমনকি রিকশাচালকদের সন্তানরাও যাতে কাজের জন্য বিদেশে যেতে পারেন, সে জন্য নিয়োগপ্রক্রিয়ায় সরকারের সরাসরি হস্তক্ষেপ, যৌক্তিক অভিবাসন ব্যয় নির্ধারণ এবং দেশভিত্তিক নিয়োগের সুযোগগুলো প্রকাশ্যে ঘোষণার আহ্বান জানান তিনি।

প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার: প্রধানমন্ত্রী

অভিবাসী কর্মীদের জন্য প্রণোদনা বা আর্থিক সহায়তার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সহায়তার অর্থের উৎস সম্পর্কে তিনি নিশ্চিত নন।

তিনি বলেন, ‘সংসদ সদস্য যদি এ ধরনের প্রণোদনার অর্থ কোথা থেকে আসবে, তা ব্যাখ্যা করতে পারেন, তাহলে সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার কথা বিবেচনা করতে পারে।’

এর আগে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেনের খরচ কমানো এবং সুবিধাভোগীদের কাছে দ্রুত অর্থ পৌঁছানো নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর ব্যবস্থাপনা সহজ করা, রেমিট্যান্স পাঠানোর মাধ্যম সম্প্রসারণ এবং আনুষ্ঠানিক চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে নগদ প্রণোদনা দেওয়া।

প্রধানমন্ত্রী বলেন, এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে গ্রাহকদের বৈদেশিক মুদ্রার হিসাবে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব হিসেবে নির্ধারিত ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয় গত ৯ নভেম্বর। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।