ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৯ কার্তিক ১৪৩৩
good-food
১৩

রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৬ ১৩ নভেম্বর ২০২৬  

ঐতিহ্যবাহী মিষ্টি রসগোল্লা ভেবে একটি দেশীয় বোমা মুখে দেওয়ার পর তা বিস্ফোরিত হয়ে ভারতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারৌতিয়া। তার বয়স ৩৫ বছর।

মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় একটি আগুনের পাশে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বসেছিলেন রাজেন্দ্র। এ সময় এক গ্রামবাসী ওই ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং আরেকজন সেটি তাকে দেন। 

ভারতের কিছু গ্রামীণ এলাকায় বন্য শূকর মারতে স্থানীয়ভাবে তৈরি এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। ময়দা বা আটার খামিরের সঙ্গে বারুদ মিশিয়ে ছোট ছোট গোলাকার বস্তু তৈরি করা হয়। এসব বিস্ফোরকের বারুদ সাধারণত পটকা বা পাথর ভাঙার খনি থেকে সংগ্রহ করা হয়।

এগুলো দেখতে ভারতের জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’র মতো। রসগোল্লা নরম ও গোলাকার একধরনের মিষ্টি, যা চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং সাধারণত আস্ত অবস্থায় মুখে দিয়ে খাওয়া হয়।

এএফপিকে পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, “এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।”

পুলিশের এই নারী কর্মকর্তা আরও বলেন, বোমাটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।

গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

রেখা বলেন, “তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”