ঢাকা, ৩১ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৫ কার্তিক ১৪৩৩
good-food
৫

মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৯ ৩০ অক্টোবর ২০২৬  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুমিনুল হকের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

মাথায় আঘাত পাওয়ার পর কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় সিলেট টেস্টে খেলতে হলে চিকিৎসকদের ছাড়পত্র নিতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির কর্মকর্তারা।

শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। 

শর্ট লেগে দাঁড়িয়ে রোস্টন চেজের ২৭ রানে ক্যাচ ছাড়েন তিনি। পরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় মুমিনুল ম্যাচের বাকি অংশে আর খেলতে পারবেন না বলে জানায় টিম ম্যানেজমেন্ট।

মুমিনুলের বদলি হিসেবে প্রথম টেস্টের বাকি সময়ের জন্য কনকাশন সাব হিসেবে জাকের আলী অনিককে দলে নেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে বিসিবি জানায়, “ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি অংশের জন্য তার বদলি হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।” 

আইসিসির কনকাশন ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, মাঠে ফেরার আগে ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মুমিনুলকে। প্রতিটি ধাপে তার শারীরিক অবস্থা ও কনকাশনের উপসর্গ পর্যবেক্ষণ করা হবে। 

সাধারণত মাথায় আঘাতজনিত কনকাশন থেকে সেরে উঠতে ৭ থেকে ৯ দিন সময় লাগে। এর আগে ফিরতে হলে আইসিসির নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মুমিনুলকে। পরীক্ষাটি করাতে হবে স্বতন্ত্র স্নায়ুরোগ বিশেষজ্ঞের মাধ্যমে।

বিসিবির আম্পায়ার্স কমিটির এক কর্মকর্তাও জানিয়েছেন, সাত দিনের আগে মাঠে ফেরার ক্ষেত্রে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে চিকিৎসকদের সন্তোষজনক প্রতিবেদন না পেলে খেলার অনুমতি মিলবে না।

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর