ঢাকা, ০৫ অক্টোবর সোমবার, ২০২৬ || ২০ আশ্বিন ১৪৩৩
good-food
৫

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ৫ অক্টোবর ২০২৬  

শিক্ষা ও জাতি গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে।

এসময় প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননা সনদ দেওয়া হয়েছে।  

সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন, কলেজ পর্যায়ের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক রয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়েছে।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি উদযাপিত হচ্ছে।

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়।