ঢাকা, ২৮ নভেম্বর শনিবার, ২০২৬ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৩৯

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৯ ২৭ নভেম্বর ২০২৬  

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা নাহিদ রানার ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই পেসার। 

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে নাহিদকে। তার রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। ডেঙ্গু থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে এই পেসারের।

ওই কর্মকর্তা বলেন, “নাহিদ এভারকেয়ারে ভর্তি আছে। তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কারণ, ডেঙ্গুতে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে।”

এর আগে কাঁধের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান নাহিদ। অস্ট্রেলিয়ায় পুনর্বাসনপ্রক্রিয়া শেষ করে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি শারীরিক অবস্থার মূল্যায়নও করিয়েছেন এই পেসার।

চোটের শুরু গত জুলাইয়ে, জিম্বাবুয়ে সফরে। সেখানে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। 

পুনর্বাসনের সময় নতুন করে গ্লুটের চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান। পরে ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলা হয়নি তার।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেনিস এলবো বা কনুইয়ের চোট আবারও ফিরে আসায় দল থেকে ছিটকে যান পেসার হাসান মাহমুদ। উন্নত চিকিৎসা ও শারীরিক অবস্থার মূল্যায়নের জন্য তার ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। 

গত মৌসুমে কাউন্টি দল কেন্টের হয়ে খেলেছিলেন হাসান। তার চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করছে ক্লাবটি। বিসিবি সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে কেন্ট।