ঢাকা, ২৮ নভেম্বর শনিবার, ২০২৬ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১১

বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৪ ২৭ নভেম্বর ২০২৬  

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কেবল আশপাশের কথা শুনতে না পাওয়াই এর একমাত্র সমস্যা নয়; বরং শ্রবণশক্তি হ্রাস পেতে থাকলে, পরে স্মৃতিভ্রংশ বা ডিমেনশা, বিষণ্ণতা, ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া এবং সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বংশগত কারণ এড়ানো সম্ভব না হলেও দৈনন্দিন জীবনে উচ্চ শব্দ এড়িয়ে চলা এবং সুস্থ জীবনযাপন অনুসরণ করলে শ্রবণশক্তি ক্ষয়ের গতি অনেকটাই ধীর করা সম্ভব।

বয়সের সঙ্গে শ্রবণশক্তি কেন কমে?

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেলথ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব নেভাদা, রেনো’র ‘স্পিচ প্যাথলজি অ্যান্ড অডিওলজি’ বিভাগের সহকারী অধ্যাপক ও ‘অডিওলজিস্ট’ বেথ গটেরক্স বলেন, “৬৫ থেকে ৮৫ বছর বয়সে পৌঁছালে প্রায় প্রতিটি মানুষেরই কমবেশি শ্রবণশক্তি কমে যায়।”

তিনি জানান, মানুষের অন্তঃকর্ণ বা ‘ককলিয়া’তে অত্যন্ত সূক্ষ্ম কিছু লোমকূপ বা হেয়ার সেল থাকে, যা শব্দের কম্পন শনাক্ত করে মস্তিস্কে পাঠায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষগুলো প্রাকৃতিকভাবে মারা যেতে থাকে এবং শরীরের অন্যান্য কোষের মতো এগুলো পুনরায় তৈরি হয় না।  ‍

যুক্তরাষ্ট্রের ‘সিডার্স-সিনাই মেডিকেল সেন্টার’-এর স্নায়ুবিজ্ঞানী ডা. ইউ-তুং ওং-এর মতে, “পরিবারে বাবা-মা অথবা দাদা-দাদির শ্রবণশক্তি কমার ইতিহাস থাকলে বংশগত কারণেও এই ঝুঁকি বাড়তে পারে।”

শ্রবণশক্তি ভালো রাখার ২টি প্রধান উপায়

উচ্চ শব্দ ও হেডফোনের অতিরিক্ত ভলিউম এড়িয়ে চলা

ডা. ইউ-তুং ওং জানান, বয়সজনিত শ্রবণশক্তি হ্রাস নিয়ন্ত্রণের বড় উপায় হল, উচ্চ শব্দ থেকে কানকে রক্ষা করা। যে পরিবেশে পাশের মানুষের সঙ্গে কথা বলতে গলার স্বর উঁচু করতে হয়, সেটিই কানের জন্য ক্ষতিকর উচ্চ শব্দ। কনসার্ট, ওয়াজ, ভারী যন্ত্রপাতি, আতশবাজি এবং কোলাহলপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি হেডফোন বা ইয়ারবাডে একটানা এক ঘণ্টার বেশি সর্বোচ্চ মাত্রার ৬০ শতাংশের ওপর ভলিউম দিয়ে গান বা পডকাস্ট শুনলে অন্তঃকর্ণের সূক্ষ্ম কোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সুস্থ জীবনযাপন ও হৃদযন্ত্রের যত্ন নেওয়া

২০২৬ সালে ‘ইএনটি ডিসকভারি’ জার্নালে প্রকাশিত প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষের ওপর করা এক গবেষণায় দেখা গেছে- যারা ধূমপান এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাসের মতো আদর্শ জীবনযাপন অনুসরণ করেন, তাদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি গড়ে ১৪ শতাংশ কম থাকে।

ডা. ওং ব্যাখ্যা করেন, “অন্তঃকর্ণ সুস্থ রাখতে অক্সিজেন ও পুষ্টিসমৃদ্ধ স্বাভাবিক রক্ত সঞ্চালন অপরিহার্য। ধূমপান বা অলস জীবনযাপনের কারণে উচ্চ রক্তচাপ তৈরি হলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে কানের ভেতরের রক্ত প্রবাহ কমিয়ে দেয়।” তার ভাষায়, “যে অভ্যাসগুলো হৃদযন্ত্রকে সুস্থ রাখে, ঠিক সেই অভ্যাসগুলোই কানকেও সুস্থ রাখে।”

কখন কানের পরীক্ষা ও হিয়ারিং এইড নেওয়া উচিত?

‘ফ্রন্টিয়ার্স ইন নিউরোসায়েন্স’-এর গবেষণায় দেখা গেছে, ১৯ শতাংশ কলেজ শিক্ষার্থীর মধ্যেই প্রাথমিক পর্যায়ের শ্রবণশক্তি হ্রাস রয়েছে। তাই ডা. ওং, প্রাপ্তবয়স্ক হওয়ার শুরুতেই একবার কানের পরীক্ষা করানো এবং ৪০ বছর বয়সের পর নিয়মিত বিরতিতে পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

এছাড়া বেথ গটেরক্স বলেন, “৬০ বছর বয়সের মধ্যে সবারই অবশ্যই শ্রবণশক্তি পরীক্ষা করানো উচিত।”

গবেষণায় দেখা গেছে, চিকিৎসক পরামর্শ দেওয়ার পরও মানুষ সামাজিক সংকোচের কারণে গড়ে প্রায় ৮.৯ বছর দেরি করে ‘হিয়ারিং এইড’ ব্যবহার শুরু করেন। তবে দীর্ঘদিন চিকিৎসা না করালে মস্তিস্ক শব্দ প্রক্রিয়াকরণের ক্ষমতা হারিয়ে ফেলে; তাই প্রয়োজন হলে সংকোচ ঝেড়ে দ্রুত হিয়ারিং এইড ব্যবহার শুরু করা জরুরি।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর