ঢাকা, ২৮ নভেম্বর শনিবার, ২০২৬ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
২০

নিষেধাজ্ঞা উপেক্ষা

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩০ ২৭ নভেম্বর ২০২৬  

২০২৫ সালের মে থেকে ভারত পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান নিজেদের পর্দা থেকে দূরে রাখার চেষ্টা করছে। তবে এসব অনুষ্ঠানের প্রতি ভারতীয় দর্শকের আগ্রহ কমেনি। ভিপিএন আর ব্যক্তিগত প্রদর্শনীর মাধ্যমে তারা নাটক দেখছেন। সম্প্রতি পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের এমন আগ্রহ দেখা গেছে। 

ভারতের নয়াদিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। নাটকটি ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও সামাজিক মাধ্যমে এর প্রচারণার পর প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে দর্শকেরা মেতে ওঠেন।

এদিকে সম্প্রতি ব্যাঙ্গালুরুতে ‘দার-ই-নিজাত’-এর দুটি প্রদর্শনী বাতিল হয়েছে। আয়োজনের পোস্টার দেখেই বন্ধের ব্যবস্থা নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে এত কড়াকড়ি, নিষেধাজ্ঞা থাকলেও ভক্তরা পিছপা হচ্ছেন না। তারা সামাজিক মাধ্যমে একটি স্লোগান দিচ্ছেন; তা হলো- ‘ধৈর্যের ফল নয়, আবু বকরকেই চাই।’

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ডাউনলোড হওয়া এসব ভিপিএন পাকিস্তানি চ্যানেলগুলোর জন্য ভালো ব্যবসা এনে দিচ্ছে। ‘দার-ই-নিজাত’ সম্প্রচার করা হয় পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটাল-এ। সেখানকার বিনোদন বিভাগের এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি চ্যানেলের মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে। তার ভাষায়, ‘এই যুগে আপনি কনটেন্টে প্রবেশ কঠিন করতে পারেন, কিন্তু আটকাতে পারবেন না।’

আলজাজিরা প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে এসব কনটেন্ট দেখছেন ভারতীয়রা। পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান বেড়েছিল ৭২ শতাংশ। ওই দিনই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ছিল। তবে গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান আয়োজনের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সীমিত করার নীতি গ্রহণের পর তা আরও জোরালো হয়।

২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর সে বছরের পরের মাস থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে কিছুদিন আগে নেটফ্লিক্সকে ভারত থেকে পাকিস্তানের প্রথম নির্মিত শো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এ নিয়ে নেটফ্লিক্স এখনও কোনো জবাব দেয়নি।