ঢাকা, ২৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১০ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪১

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৯ ২৪ নভেম্বর ২০২৬  

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি পুনরায় শুরু হচ্ছে। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের প্রথম ধাপে নির্বাচিত ১১২ কর্মী দেশটিতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বোয়েসেল সূত্র জানায়, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করতে যাচ্ছেন। তাদের বিমানভাড়া, নিয়োগসংক্রান্ত খরচসহ সব ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় দিতে হবে না। প্রথম পর্যায়ে এভাবে বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯টি। সেখান থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়।

তবে প্রাথমিক তালিকার কয়েকজন সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে নতুন করে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে নির্বাচন করা হয়। পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দক্ষ ও যোগ্য কর্মী মালয়েশিয়ায় পাঠাতে এবারই প্রথম লটারিভিত্তিক বাছাই পদ্ধতি চালু করেছে সরকার। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার লাখ কর্মী মালয়েশিয়ায় যান। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট নিয়ন্ত্রণ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগের মধ্যে ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।

অনিয়মের অভিযোগে কয়েক দফায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কর্মী নিয়োগ স্থগিত ছিল।